বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

খেলা
  >
ফুটবল

চার গোল করলেন মেসি, জয়ে ফিরল মিয়ামি

ক্রীড়া ডেস্ক ৩০ আগস্ট , ২০২৬, ১০:৫৭:২২

210
  • সংগৃহীত

টানা পাঁচ ম্যাচ জয়হীন ছিল ইন্টার মিয়ামি। স্বাভাবিকভাবেই সবার মন ছিল ভার। স্বরুপে ফিরতে দলটি তাকিয়ে ছিল অধিনায়ক লিওনেল মেসির দিকেই। আর্জেন্টাইন তারকাও তাদের হতাশ করেননি।

ফ্লোরিডায় মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মন্ট্রিয়েলের বিপক্ষে একাই করলেন চার গোল। আর্জেন্টাইন তারকার চার গোলের রাতে মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান এমএলএস চ্যাম্পিয়নরা।

এবার নিয়ে ক্যারিয়ারে এক ম্যাচে চার বা তার বেশি গোল মেসি করলেন অষ্টমবারের মতো । তবে মিয়ামির হয়ে এটিই প্রথম। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে এইবারের বিপক্ষে চার গোল করেছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।

বিশ্বকাপের পর থেকেই কঠিন সময় পার করছিল মিয়ামি। আগের পাঁচ ম্যাচের চারটিতে হেরেছিল তারা। এমন পরিস্থিতিতে মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচের শুরুতে মিয়ামির হয়ে গোলের খাতা খোলেন কাসেমিরো। ২০ মিনিটে হেড থেকে গোল করেন ব্রাজিলিয়ান এই তারকা। বিশ্বকাপের পর মায়ামিতে যোগ দেওয়া কাসেমিরোর এটিই ছিল ক্লাবের হয়ে প্রথম গোল।

তবে ৩৭ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মন্ট্রিয়েল। বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন ফ্যাবিয়ান হারবার্স। এরপরই শুরু হয় মেসির ঝলক।

৪০ মিনিটে ফ্রি-কিক থেকে মায়ামির স্কোরলাইন ২–১ করেন তিনি। তাঁর নিচু ও বাঁকানো শট মন্ট্রিয়েলের গোলরক্ষক থমাস গিলিয়েরকে বিভ্রান্ত করে জালে ঢুকে যায়। বিরতির পর মেসির দাপট আরও বাড়ে। ৫১ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর অবশ্য কিছুটা বিরতি। ৮০ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন লুইস সুয়ারেজ।

এদিকে ম্যাচের ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। রদ্রিগো দি পলের পাস ধরে এগিয়ে গোলরক্ষক থমাস গিলিয়ের মাথার ওপর থেকে বল জালে পাঠান মেসি। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে করেন চতুর্থ গোল। এই গোল আসে ফ্রি-কিক থেকে দুর্দান্ত বাঁকানো শটে।

এবারের এলএলএসে মেসির গোল এখন ১৯ ম্যাচে ১৮টি। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পিটার মুসার গোল ১৬টি। মেসির চার গোলের পাশাপাশি মিয়ামির হয়ে আরেকটি গোল করেন খেলোয়াড় অ্যালেক্স শ।

শেষ পর্যন্ত মিয়ামি মাঠ ছাড়ে ৭-১ গোলের বড় জয় নিয়ে। এরফলে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানও ধরে রেখেছে তারা। যদিও শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে এখনও দশ পয়েন্টে পিছিয়ে মিয়ামি।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers