বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

খেলা
  >
ফুটবল

মেসির অবসর- সতীর্থদের আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক ১ সেপ্টেম্বর , ২০২৬, ১২:০৩:৫৬

199
  • সংগৃহীত

আর্জেন্টিনার জার্সি যে লিওনেল মেসি একেবারে তুলে রাখবেন তা অনুমান ভক্তরা অনুমান করেছিল গত বিশ্বকাপ শেষ হতেই। শেষ পর্যন্ত তাদের ধারনাটা সত্যি হল সোমবার। সামাজিক যোগাযোগমাধ্যমে কিং লিও জানিয়ে দেন, আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে তার দীর্ঘ যাত্রার ইতি ঘটছে। এরপরেই তাকে ঘিরে ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিচারণায় ভাসছেন আর্জেন্টিনার বর্তমান ও সাবেক সতীর্থরা।

মেসির অবসরের সিদ্ধান্ত কোনভাবেই মানতে পারছেন না মাত্র ২১ বছর বয়সী নিকো পাজ। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘না, লিওওও। তোমার দেয়ার মতো আরও অনেক বাকি আছে।’

এনজো ফার্নান্দেজের কাছে মেসির সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতা ছিল স্বপ্নপূরণের মতো। মেসির ২০১৬ সালের অবসর ঘোষণার কথা মনে করে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, তখন তিনি খুবই অল্প বয়সী ছিলেন। মেসির সঙ্গে কখনো খেলতে পারবেন কি না, সেটি হিসাব করতে নিজের বয়সের সঙ্গে মেসির বয়স মিলিয়ে দেখতেন। ফার্নান্দেজ লিখেছেন, ‘কথাটা বোকার মতো শোনাতে পারে, কিন্তু আমি সত্যিই তা-ই করতাম...ভাগ্য ভালো যে তুমি ফিরে এসেছিলে।’

এরপর মেসির সঙ্গে তার পাওয়া অভিজ্ঞতার কথা তুলে ধরে এনজো বলেন, শুধু একই দলে খেলার সুযোগই নয়, একসঙ্গে ক্যাম্প করা, একই ড্রেসিংরুম ভাগ করে নেয়া, কঠিন সময় পার করা এবং অবিশ্বাস্য সব মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। সবশেষে একসঙ্গে বিশ্বচ্যাম্পিয়নও হয়েছেন।

মেসিকে ছাড়া ভবিষ্যতের জাতীয় দলের ক্যাম্প কল্পনা করাটাও কঠিন বলে জানিয়েছেন এনজো। তার ভাষায়, এত বছর পর মাঠে মেসিকে ১০ নম্বর জার্সিতে না দেখার বিষয়টি চোখের কাছে অবিশ্বাস্য মনে হবে। ইতিহাসের অংশ হওয়ার সুযোগ করে দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ।

মেসির ঘনিষ্ঠ সতীর্থ রদ্রিগো ডি পলও আবেগ ধরে রাখতে পারেননি। আর্জেন্টিনা দলের এই ‘দেহরক্ষী’ ইনস্টাগ্রামে মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন দেশের প্রতি তার ভালোবাসা, কখনো হাল না ছাড়ার মানসিকতা, অবিচার সহ্য করার শক্তি এবং সতীর্থদের প্রতি তার মানবিকতার কথা। ডি পলের বার্তা ছিল, ‘সর্বকালের সেরা, তুমি কল্পনাও করতে পারবে না যে আমাদের মুখে কত হাসি ফুটিয়েছ। তুমি অমর।’

দীর্ঘ সময় জাতীয় দলে মেসির সঙ্গে খেলা লাওতারো মার্তিনেজ লিখেছেন এভাবে, ‘তোমার নেতৃত্ব শুধু গোল, অ্যাসিস্ট বা শিরোপার মধ্যে সীমাবদ্ধ ছিল না।’ জাতীয় দলের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে মেসি যে দৃষ্টান্ত তৈরি করেছেন, সেটিকেই তার সবচেয়ে বড় অবদান হিসেবে দেখছেন লাওতারো। শেষে তিনিও লিখেছেন, ‘আমরা তোমাকে খুব মিস করব, অধিনায়ক।’

মেসির বন্ধু ও জাতীয় দলের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস স্বীকার করেছেন, এই ঘোষণার জন্য প্রস্তুত ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে প্রস্তুত মনে হয়নি। একজন আর্জেন্টাইন, জাতীয় দলের সমর্থক, সতীর্থ ও বন্ধু হিসেবে মেসি তার জন্য যা করেছেন, তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন পারেদেস। মেসির অবদান ও খেলোয়াড় হিসেবে তার মহানুভবতার পাশাপাশি মানুষ হিসেবেও তাকে অসাধারণ বলে উল্লেখ করেছেন তিনি।

মেসির বিদায়ের ঘোষণায় তাই শুধু একটি জার্সির বিদায় নয়, সতীর্থদের কথায় ফুটে উঠেছে এক দীর্ঘ অধ্যায়ের স্মৃতি, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers