বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

খেলা
  >
ফুটবল

দুই কিংবদন্তির মহামিলন, একই জার্সিতে মেসি-রোনালদো!

ক্রীড়া ডেস্ক ৭ সেপ্টেম্বর , ২০২৬, ১৭:২৪:১০

189
  • দুই কিংবদন্তির মহামিলন, একই জার্সিতে মেসি-রোনালদো!

ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান তাহলে দ্রুতই ঘটতে যাচ্ছে।  চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এবার প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে নামতে পারেন। উপলক্ষ্যটি হতে যাচ্ছে আর্জেন্টিনার কিংবদন্তি কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচ।

তেভেজের বিদায়ী ম্যাচটি চলতি বছরের ডিসেম্বর মাসে বুয়েনস এইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা চলছে। সেখানে মেসি ও রোনালদোকে একই দলে খেলানোর উদ্যোগ নিয়েছেন তেভেজ নিজেই।

প্রায় দুই দশক ধরে ফুটবলবিশ্বের সবচেয়ে আলোচিত দ্বৈরথের নাম মেসি বনাম রোনালদো। একজন বার্সেলোনার হয়ে, অন্যজন রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্যবার মুখোমুখি হয়েছেন। তাদের ব্যক্তিগত লড়াইয়ে জমেছে রেকর্ড, গোল, ট্রফি ও অসংখ্য স্মরণীয় মুহূর্ত। দুজনের ঝুলিতে রয়েছে সম্মিলিত ১৩টি ব্যালন ডি’অর।

তবে এত বছরেও ক্লাব কিংবা জাতীয় দলের কোনো ম্যাচে সতীর্থ হিসেবে দেখা যায়নি এই দুই মহাতারকাকে। ২০২৩ সালে সৌদি আরবে একটি প্রদর্শনী ম্যাচে দুজন একই মাঠে খেললেও ছিলেন প্রতিপক্ষ দলের হয়ে।

এবার তেভেজের উদ্যোগ সফল হলে সেই আক্ষেপও মুছে যাবে। মেসি ও রোনালদো একই জার্সিতে মাঠে নামলে সেটি যে শুধু একটি বিদায়ী ম্যাচের মুহূর্ত হবে না, বরং আধুনিক ফুটবলের ইতিহাসের অন্যতম স্মরণীয় দৃশ্য হয়ে থাকবে—তা বলার অপেক্ষা রাখে না।

বিশেষ করে মেসি সম্প্রতি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেয়ার পর এই ম্যাচের সম্ভাবনা আরও আবেগঘন হয়ে উঠেছে। ৩৯ বছর বয়সী মেসি জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করে আন্তর্জাতিক অধ্যায় শেষ করেছেন।

অন্যদিকে ৪১ বছর বয়েসি রোনালদো এখনো পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সক্রিয়। ফলে তেভেজের বিদায়ী ম্যাচে একই দলের হয়ে মেসি-রোনালদোর সম্ভাব্য জুটি হতে পারে দুই যুগের ফুটবল-দ্বৈরথের এক অবিশ্বাস্য সমাপ্তি।

মেসি-রোনালদো—এবার প্রতিপক্ষ নয়, একই দলের সতীর্থ! ফুটবলবিশ্ব এখন অপেক্ষা করছে সেই ঐতিহাসিক মুহূর্তের।

নিউজজি/সিআর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers