বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

খেলা
  >
ফুটবল

বার্সেলোনার পর স্পেনে আরও বড় ক্লাবের মালিকানায় মেসি

ক্রীড়া ডেস্ক ৯ সেপ্টেম্বর , ২০২৬, ১৩:২২:৫৮

229
  • সংগৃহীত

ফুটবল মাঠের কিংবদন্তি লিওনেল মেসির নতুন পরিচয় যেন দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। খেলোয়াড়ি জীবনের শেষ প্রান্তে এসে এবার ক্লাব মালিকানাতেও নিজের প্রভাব বাড়াচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসে কেনার ব্যাপারে নীতিগতভাবে চুক্তিতে পৌঁছেছেন মেসি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এলদেনসের বর্তমান মালিক কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান TH Soluciones Group S.A.S.-এর হাতে থাকা শেয়ারগুলো মেসির কাছে হস্তান্তরের বিষয়ে সমঝোতা হয়েছে। তবে চুক্তিটি চূড়ান্ত করতে স্পেনের উচ্চ ক্রীড়া পরিষদের (CSD) অনুমোদনসহ কিছু আইনি প্রক্রিয়া বাকি রয়েছে।

এলদেনসে বিনিয়োগ মেসির জন্য স্পেনে প্রথম পেশাদার পর্যায়ের ক্লাব মালিকানার অভিজ্ঞতা হতে যাচ্ছে। এর আগে চলতি বছরের এপ্রিলে তিনি স্পেনের আরেক ক্লাব ইউই করনেয়া কিনে নেন। করনেয়া তখন স্প্যানিশ ফুটবলের নিচের স্তরে খেলছিল।

অর্থাৎ, কয়েক মাসের ব্যবধানেই স্পেনে দ্বিতীয় ক্লাবের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন মেসি। এবার অবশ্য তার গন্তব্য তুলনামূলকভাবে বড় মঞ্চ—স্পেনের দ্বিতীয় স্তরের ফুটবল। এলদেনসে পূর্ব স্পেনের আলিকান্তে প্রদেশের এলদা শহরের ক্লাব এবং সাম্প্রতিক বছরগুলোতে কয়েক মৌসুম স্পেনের দ্বিতীয় বিভাগে খেলেছে।

তবে নতুন মালিকের জন্য শুরুটা সহজ হচ্ছে না। চলতি মৌসুমে চার ম্যাচ শেষে মাত্র দুই পয়েন্ট পেয়েছে এলদেনসে। এমন বাজে শুরুর পর কোচ ক্লদিও বাররাগানকেও সরিয়ে দিয়েছে ক্লাবটি। বর্তমানে দলটি লিগ টেবিলের নিচের দিকেই অবস্থান করছে।

মেসির ক্লাব মালিকানায় প্রবেশকে অনেকেই তার ফুটবল-পরবর্তী জীবনের বড় পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন। দীর্ঘ খেলোয়াড়ি ক্যারিয়ারের পর তিনি শুধু বিনিয়োগকারী হিসেবেই নয়, তরুণ প্রতিভা তৈরি ও ফুটবল অবকাঠামো উন্নয়নেও ভূমিকা রাখতে চান। করনেয়া কেনার সময়ও স্থানীয় প্রতিভা বিকাশের ওপর গুরুত্ব দেয়ার কথা উঠে এসেছিল।

মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার পর স্পেনের ক্লাব মালিকানায় তার এই নতুন অধ্যায় ক্যারিয়ারের শেষ পর্বকে আরও ভিন্ন মাত্রা দিচ্ছে।

মাঠে ইতিহাস গড়ার পর এবার মাঠের বাইরেও নিজের ফুটবল সাম্রাজ্য গড়ার পথে মেসি—স্পেনে তার নতুন এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা সফল হয়, সেটিই এখন দেখার বিষয়।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers