বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

খেলা
  >
অন্যান্য

হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক ২৬ এপ্রিল , ২০২৬, ১৯:৪১:০০

319
  • হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা

এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট নিশ্চিত করতে বাংলাদেশ নারী হকি দলের প্রয়োজন ছিল ড্র।  তবে লাল-সবুজ প্রতিনিধিরা গ্রুপ পর্বের শেষটা রাঙানো জয়ে। এরফলে সেমিফাইনালে জায়গা করে নেয়ার পাশাপাশি প্রথমবার এশিয়ান গেমসেও নাম লেখাল বাংলাদেশ।

আগামী সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। যেখানে এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি নারী হকি দলও অংশ নেবে।

বিশ্ব হকির র‍্যাঙ্কিংয়ে হংকংয়ের অবস্থান ৩৪ নম্বরে। এশিয়ান গেমসে খেলেছে ছয়বার; সর্বশেষ ২০২২ সালে হয়েছিল নবম। জাকার্তার জিবিকে হকি মাঠে এমন একটা দলের বিপক্ষে শুরুতে খেই হারালেও ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

এশিয়ান গেমসের বাছাইপর্বে রোববার ম্যাচ শুরুর প্রথম মিনিটেই এগিয়ে যায় হংকং। দ্রুত পিছিয়ে পড়লেও ভড়কে যাননি বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় মিনিট থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলেন। যার ফলও আসে দশম মিনিটে। জটলার মধ্যে থেকেই চমৎকার হিটে ফিল্ড গোল করেন বাংলাদেশের মিডফিল্ডার নাদিরা এমা। ১–১ সমতার পর প্রথম কোয়ার্টারের শেষ দিকে দুবার পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। যদিও কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয় কোয়ার্টারে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি জাহিদ হোসেনের দল।

রোববার পুরো ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি মেয়েরা। তাতে অবশ্য জয়ের বন্দরে পৌঁছাতে সমস্যা হয়নি। ৩৯ মিনিটে ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে দেন কনা আক্তার। শেষ কোয়ার্টারে হংকং বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণ ভয় ধরালেও তাদের চোখে চোখেই রেখেছেন অর্পিতারা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের সঙ্গে ৫–৫ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩–২ গোলে হারায় উজবেকিস্তানকে। আট দলের বাছাইপর্ব থেকে শীর্ষ চার দল এশিয়ান গেমসে খেলবে।

নিয়ম অনুযায়ী দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবে সরাসরি আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ। এ সমীকরণ বাংলাদেশ মিলিয়ে নিল অপরাজিত থেকে নকআউট পর্বে উঠে।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers