শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতায় অগ্রগতি

নিউজজি ডেস্ক ১৫ নভেম্বর , ২০২৫, ১৭:২৩:০৪

106
  • ছবি: সংগ্রহীত

ঢাকা: টানা ১৫ বছর ধরে বিশ্বব্যাপী ইন্টারনেটের স্বাধীনতা কমছে। ফ্রিডম অন দ্য নেট ২০২৫ প্রতিবেদনে দেখা যায়— মূল্যায়নকৃত ৭২ দেশের মধ্যে ২৮টির অবস্থা আরও খারাপ হয়েছে, আর ১৭টি দেশে কিছুটা অগ্রগতি দেখা গেছে।

২০২৪ সালের জুনে করবিরোধী আন্দোলনের জেরে প্রায় সাত ঘণ্টা ইন্টারনেট বন্ধ ও শত শত বিক্ষোভকারী গ্রেপ্তারের পর কেনিয়া সবচেয়ে বড় পতনের মুখে পড়ে। অন্যদিকে, একই বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় বাংলাদেশেও কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তে।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের পর দমনমূলক সরকারের পতন ঘটে এবং দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তারা ক্ষমতায় এসেই বেশ কিছু ইতিবাচক সংস্কার উদ্যোগ গ্রহণ করে এবং পূর্বের দমনমূলক নীতির অবসান ঘটায়।

এই সরকারের সময় কঠোর ও বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে তার বদলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছে। তবে নতুন আইনে কনটেন্ট অপসারণ, অনলাইন মত প্রকাশে ফৌজদারি শাস্তি এবং নজরদারির মতো কিছু উদ্বেগজনক ধারাও এখনো বজায় রয়েছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউজের প্রকাশিত ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ৪৫, যা গত বছর ছিল ৪০। প্রতিবেদনে বলা হয়েছে, এবার বাংলাদেশের কিছুটা অগ্রগতি হয়েছে।

২০২৪ সালের জুন থেকে চলতি বছরের মে পর্যন্ত তথ্য বিবেচনা করেছে ফ্রিডম হাউজ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ইন্দোনেশিয়া (৪৮), ভারত (৫১) ও শ্রীলঙ্কা (৫৩)।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন