বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মোবাইল বন্ধ

নিউজজি ডেস্ক ৮ ডিসেম্বর , ২০২৫, ১৫:১২:৪৪

416
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সরকার ১৬ ডিসেম্বর থেকে মোবাইল ফোন নিবন্ধন প্রক্রিয়া (NEIR) চালু করতে যাচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনবিহীনভাবে আমদানি করা মোবাইল ফোন ব্যবহারের সুযোগ বন্ধ হবে। সরকার আশা করছে, এই পদক্ষেপ টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা বাড়াবে এবং ডিজিটাল খাতের স্বচ্ছতাও বৃদ্ধি করবে।

নতুন ব্যবস্থার আগাম ঘোষণা পাওয়ার পর থেকেই অনিবন্ধিত মোবাইল ফোনের দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় বাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে ছাত্র ও যুবকরা অভিযোগ করছেন, সরকারি শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল ফোনের দাম অনেক বেড়ে গেছে। উদাহরণস্বরূপ, ২০ হাজার টাকার একটি ফোনে ৫৭ শতাংশ ভ্যাটের ফলে দাম ৫০ হাজার টাকারও বেশি হয়ে যাচ্ছে, যা ক্রেতাদের পছন্দের ফোন কেনার সুযোগ সীমিত করছে।

অন্যদিকে ব্যবসায়ীরা অনিবন্ধিত ফোন আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি তুলেছেন। মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মো. আসলাম বলেন, “সরকার যদি আলোচনায় না আসে, তাহলে ব্যবসায়ীরা রাজপথে নামার পথে বাধ্য হবে।”

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানিয়েছেন, দেশে ৭৩ শতাংশ ডিজিটাল প্রতারণায় অবৈধ স্মার্টফোন ব্যবহৃত হচ্ছে। এ অবস্থায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মোবাইল ফোন চোরাচালানের সঙ্গে জড়িত বিশেষ কিছু গোষ্ঠীর স্বার্থের কারণে এই উদ্যোগের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

নির্বাচনের আগে অবৈধ ডিভাইসকেন্দ্রিক অপরাধ দমন, সুলভ দামে মোবাইল সরবরাহ, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব বৃদ্ধি এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

আইসিটি বিভাগ জানিয়েছে, এনইআইআর চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। পরবর্তীতে বিদেশ থেকে ফোন আনার ক্ষেত্রে অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকবে।

 

 

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন