শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

হঠাৎ কী হয়েছিল ইউটিউবের?

নিউজজি ডেস্ক ১৮ ফেব্রুয়ারি , ২০২৬, ১৩:১০:১১

162
  • ছবি : সংগৃহীত

ঢাকা: জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব হঠাৎ করেই বিশ্বব্যাপী সাময়িকভাবে অচল হয়ে পড়ে। কিছু সময়ের জন্য ব্যবহারকারীরা ভিডিও দেখা ও ব্রাউজিংয়ে বিঘ্নের মুখে পড়েন। পরে কর্তৃপক্ষ জানায়, প্রযুক্তিগত ত্রুটি ঠিক করা হয়েছে এবং সেবা স্বাভাবিক হয়েছে। খবর ইকোনমিক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ব্যবহারকারীরা সমস্যার কথা জানাতে শুরু করেন। অনেকেই ভিডিও প্লে না হওয়া, হোমপেজে প্রস্তাবিত কনটেন্ট না দেখা যাওয়া এবং অ্যাপ সঠিকভাবে লোড না হওয়ার অভিযোগ করেন।

আউটেজ ট্র্যাকিং সাইট ডাউনডিটেক্টর জানায়, ওই সময়ের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই ৩ লাখ ২০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। তবে এসব তথ্য ব্যবহারকারীদের স্বেচ্ছায় দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হওয়ায় প্রকৃত ক্ষতিগ্রস্তের সংখ্যা ভিন্ন হতে পারে।

পরে ইউটিউব এক বিবৃতিতে জানায়, তাদের ‘রেকমেন্ডেশন সিস্টেম’-এ সমস্যা হয়েছিল। এই ত্রুটির কারণে প্ল্যাটফর্মজুড়ে ভিডিও প্রদর্শনে বিঘ্ন ঘটে। হোমপেজ, সার্চ এবং অন্যান্য জায়গায় ভিডিও দেখা যাচ্ছিল না।

ইউটিউব জানিয়েছে, সমস্যা দ্রুত শনাক্ত করা হয় এবং টেকনিক্যাল টিম তা সমাধান করে। বর্তমানে ইউটিউব ডটকম, মোবাইল অ্যাপ, ইউটিউব মিউজিক, ইউটিউব কিডস এবং টিভিসহ সব সেবাই স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্র ছাড়াও আরও বেশ কয়েকটি দেশেও একই ধরনের সমস্যা দেখা দেয়। ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও মেক্সিকোর ব্যবহারকারীরাও এ সমস্যার কথা জানান। ডাউনডিটেকটর-এর রিপোর্টেও এসব দেশের অভিযোগ প্রতিফলিত হয়েছে। তবে এই বিঘ্ন কতক্ষণ স্থায়ী ছিল তা স্পষ্ট করেনি ইউটিউব। তবে ব্যবহারকারীদের অভিযোগ দ্রুত কমতে শুরু করায় ধারণা করা হচ্ছে, সমস্যা স্বল্প সময়ের মধ্যেই সমাধান করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মগুলোতে এ ধরনের সাময়িক বিঘ্ন নতুন কোনো ঘটনা নয়। স্বল্প সময়ের জন্যও সেবা বন্ধ থাকলে ব্যবহারকারীদের ভোগান্তি বেড়ে যায় এবং বিজ্ঞাপনভিত্তিক ব্যবসার ক্ষেত্রেও বড় প্রভাব পড়ে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers