শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

বিজ্ঞান ও প্রযুক্তি

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় গ্র্যান্ড অ্যাওয়ার্ড জিতলেন আব্দুল্লাহ আলিম

সিংড়া (নাটোর) প্রতিনিধি ৪ জুন , ২০২৬, ১৮:০৮:৫৩

157
  • আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় গ্র্যান্ড অ্যাওয়ার্ড জিতলেন আব্দুল্লাহ আলিম

নাটোর: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উদ্ভাবন ও সৃজনশীলতা ভিত্তিক আয়োজন ‘বোর্নিও আন্তর্জাতিক উদ্ভাবন সৃজনশীলতা প্রতিযোগিতা (বিআইআইসিসি) ২০২৬’-এর বৈশ্বিক চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম।

জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড ও স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে অসাধারণ সাফল্যের মাধ্যমে তিনি স্বর্ণপদক, প্রতিযোগিতার সর্বোচ্চ সম্মানজনক ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং আন্তর্জাতিক চূড়ান্ত পর্বে অংশগ্রহণের অনুমোদনপত্র ‘ইয়েস কার্ড’ অর্জন করেছেন।

গত ১৮ মে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ ইয়ং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটির (BYIS) আয়োজনে দিনব্যাপী এই বিশেষ অ্যাওয়ার্ড সিরিমনি ও আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ে আব্দুল্লাহ আলিম তার উদ্ভাবনী প্রকল্প ‘বিন টু বেনিফিট’ (Bin to Benefit) উপস্থাপন করেন। এটি একটি আধুনিক স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা উদ্ভাবন। প্রকল্পটিতে স্মার্ট বিন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT) সেন্সর এবং বর্জ্য পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করে একটি প্রযুক্তিনির্ভর স্মার্ট পরিবেশগত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

এই প্রযুক্তিতে ব্যবহারকারীরা নির্ধারিত স্থানে সঠিকভাবে বর্জ্য ফেললে ‘গ্রিন কয়েন’ বা ডিজিটাল পুরস্কার পাবেন, যা পরবর্তীতে বিভিন্ন নাগরিক সুবিধা ও পুরস্কার হিসেবে ব্যবহার করা যাবে। বিচারকদের মূল্যায়নে প্রকল্পটি উদ্ভাবন, বাস্তব প্রয়োগযোগ্যতা, পরিবেশগত প্রভাব এবং সামাজিক সচেতনতা তৈরির সক্ষমতার জন্য সর্বোচ্চ স্বীকৃতি অর্জন করে।

আগামী ১৯ থেকে ২৩ জুন ২০২৬ মালয়েশিয়ার সাবাহ অঞ্চলে অবস্থিত ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ’ ক্যাম্পাসে বিআইআইসিসি ২০২৬-এর বৈশ্বিক চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। মালয়েশিয়া ইয়ং সায়েন্টিস্টস অর্গানাইজেশনের আয়োজনে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৩০টিরও বেশি দেশের শত শত তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবক অংশ নেবেন। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য—“ফ্রম বোর্নিও টু দ্য ওয়ার্ল্ড: ইনোভেটিং উইথ পারপাস”।

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের মাঝগ্রাম গোপালপুর গ্রামের সাজ্জাদ-রেশমা দম্পতির দুই সন্তানের বড় সন্তান আব্দুল্লাহ আলিম। আন্তর্জাতিক অঙ্গনে তিন মহাদেশে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন এই তরুণ উদ্ভাবক। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইমার্স এডুকেশন আয়োজিত আন্তর্জাতিক ব্লগ রাইটিং প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি ১৫০০ পাউন্ড বৃত্তি অর্জন করেন। এশিয়ার থাইল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস ইনোভেশন ২০২৬-এ ব্রোঞ্জ পদক লাভ করেন। পাশাপাশি ইউরোপের ইতালিভিত্তিক প্রতিষ্ঠান জিএমএ আয়োজিত “স্টুডেন্ট এমপ্লয়মেন্ট থিংকিং কম্পিটিশন”-এ বিজয় অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই তরুণ।

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের অনুভূতি প্রকাশ করে আব্দুল্লাহ আলিম বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবকদের মাঝে বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে দাঁড়ানোর সুযোগ পাওয়াটা আমার জন্য অত্যন্ত গর্বের। দেশের সেরা তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবকদের মিলনমেলায় স্বর্ণপদক এবং গ্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন সত্যিই অনেক বড় প্রাপ্তি। এই সম্মাননা গ্রহণ আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers