বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

বিজ্ঞান ও প্রযুক্তি

ইউটিউবে বড় পরিবর্তন আসতে যাচ্ছে

নিউজজি ডেস্ক ২৮ জুন , ২০২৬, ১৫:২৪:৫২

218
  • ইউটিউবে বড় পরিবর্তন আসতে যাচ্ছে

ঢাকা: ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর। বড় পরিবর্তন আসতে যাচ্ছে এই ভিডিও প্লাটফর্মটিতে। স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও সহজ ও আকর্ষণীয় করতে একাধিক নতুন ফিচার আনছে ইউটিউব। নতুন হালনাগাদের মাধ্যমে শর্টস ভিডিও দুই গুণ গতিতে দেখার সুযোগ মিলবে। একই সঙ্গে ডিসলাইক বাটনের পরিবর্তে যুক্ত হবে হার্ট রিঅ্যাকশন এবং ভিডিও দেখার সময় পর্দা পরিচ্ছন্ন রাখতে আসছে নতুন ‘ক্লিয়ার স্ক্রিন’ মোড।

এক ঘোষণায় বৃহস্পতিবার (২৫ জুন) এসব পরিবর্তনের কথা জানিয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মটি। ইউটিউবের ভাষ্য, ভিডিও দ্রুত দেখার সুবিধা ব্যবহারকারীদের অল্প সময়ে বেশি তথ্য জানতে সহায়তা করবে। পাশাপাশি দীর্ঘ ভিডিওর মতো শর্টসের নির্দিষ্ট অংশ দ্রুত খুঁজে বের করাও সহজ হবে।

নতুন আপডেটের অংশ হিসেবে শর্টস থেকে পুরোপুরি সরিয়ে দেয়া হচ্ছে ডিসলাইক বাটন। ফলে কোনো ভিডিও অপছন্দ হলে ব্যবহারকারীদের ‘নট ইন্টারেস্টেট’অথবা ‘ডু নট রিকোমেন্ড দিস চ্যানেল’ অপশন ব্যবহার করতে হবে। এর মাধ্যমে নির্দিষ্ট ধরনের ভিডিও বা কোনো চ্যানেলের কনটেন্ট কম দেখানোর বিষয়ে ইউটিউবকে জানানো যাবে। ভিডিওতে ইতিবাচক প্রতিক্রিয়া জানানোর পদ্ধতিতেও পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। এতদিন শর্টসে থাম্বস-আপ চিহ্ন ব্যবহার করে লাইক দেওয়া গেলেও নতুন আপডেটে সেটির জায়গায় থাকবে হার্ট ইমোজি। ইউটিউবের আশা, এতে নির্মাতা ও দর্শকের মধ্যে আরও ইতিবাচক যোগাযোগ তৈরি হবে।

এ ছাড়া যুক্ত হচ্ছে নতুন ‘ক্লিয়ার স্ক্রিন’মোড। এই ফিচার চালু করলে ভিডিও দেখার সময় পর্দা থেকে সাময়িকভাবে সব লেখা, বাটন ও আইকন আড়াল হয়ে যাবে। ফলে কোনো ধরনের ভিজ্যুয়াল বিঘ্ন ছাড়াই পুরো পর্দাজুড়ে ভিডিও দেখা যাবে। ইউটিউব জানিয়েছে, এসব পরিবর্তনের মূল উদ্দেশ্য শর্টস ব্যবহারের অভিজ্ঞতাকে আরও পরিচ্ছন্ন, স্বতঃস্ফূর্ত এবং ব্যবহারবান্ধব করে তোলা। তবে নতুন ফিচারগুলো ঠিক কবে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি। ধাপে ধাপে এগুলো সবার জন্য চালু করা হবে।

টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের জনপ্রিয়তার পর স্বল্পদৈর্ঘ্যের ভিডিওর বাজারে তুলনামূলক দেরিতে প্রবেশ করলেও অল্প সময়েই ব্যাপক সাড়া ফেলেছে ইউটিউব শর্টস। ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নিল মোহানের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত শর্টসে প্রতিদিন গড়ে ২০ হাজার কোটি ভিউ হয়েছে। যদিও ইউটিউব কোনো ভিডিও চালু হওয়ার প্রথম মুহূর্ত থেকেই সেটিকে একটি ‘ভিউ’ হিসেবে গণনা করে।

এদিকে চলতি বছরের শুরুতে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, শুধু স্মার্টফোনেই নয়, টেলিভিশনের বড় পর্দাতেও দ্রুত বাড়ছে ইউটিউব শর্টস দেখার প্রবণতা। বর্তমানে প্রতি মাসে টেলিভিশনে প্রায় ২০০ কোটি ঘণ্টা ইউটিউব শর্টস দেখা হচ্ছে, যা প্ল্যাটফর্মটির ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রমাণ। সূত্র: টেকক্রাঞ্চ।

নিউজজি/এসডি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers