মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

বিজ্ঞান ও প্রযুক্তি

মিল্কিওয়ে গ্যালাক্সির জন্মরহস্যে নতুন সন্ধান

নিউজজি ডেস্ক ২০ আগস্ট , ২০২৬, ১২:১৯:২৫

134
  • সংগৃহীত

ঢাকা: নাসার হাবল মহাকাশ দূরবীক্ষণযন্ত্রের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে মিল্কিওয়ে গ্যালাক্সির প্রাথমিক বিকাশ নিয়ে নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের গবেষণায় প্রায় ১১ দশমিক ৮ বিলিয়ন বছর আগে দুটি গ্যালাক্সির সংঘর্ষ ও একীভূত হওয়ার জোরালো প্রমাণ মিলেছে।

বিজ্ঞানীদের ধারণা, সেই সময়ে নবীন মিল্কিওয়ে তুলনামূলক ছোট আকারের এলকেএইচ নামের একটি গ্যালাক্সিকে নিজের সঙ্গে একীভূত করে নেয়। এর ফলে বিপুল পরিমাণ নক্ষত্র, গ্যাস ও ডার্ক ম্যাটার মিল্কিওয়ের অংশ হয়ে যায়।

নাসার তথ্য অনুযায়ী, এই আবিষ্কারের ফলে মিল্কিওয়ের গঠন শুরুর সময় সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা আগের হিসাবের চেয়ে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন বছর পেছনে গেছে। গবেষণাটির বিস্তারিত ফলাফল সোমবার ‘নেচার অ্যাস্ট্রোনমি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

বর্তমানে মিল্কিওয়ে একটি বিশাল সর্পিল গ্যালাক্সি। এতে শত শত বিলিয়ন নক্ষত্র রয়েছে। তবে শুরুতে এটি এত বড় ছিল না। বিজ্ঞানীদের ধারণা, গ্যাসের মেঘ থেকে নতুন নক্ষত্র তৈরি হওয়ার মাধ্যমে ধীরে ধীরে মিল্কিওয়ে বড় হয়েছে।

পাশাপাশি অন্য ছোট গ্যালাক্সির সঙ্গে একীভূত হওয়ার মাধ্যমেও এটি বড় হয়েছে। এসব গ্যালাক্সি থেকে নক্ষত্র, গ্যাস এবং অদৃশ্য পদার্থ মিল্কিওয়ের অংশ হয়ে যায়। নতুন গবেষণায় এমনই একটি গুরুত্বপূর্ণ একীভবনের তথ্য পাওয়া গেছে। গবেষণার ফল অনুযায়ী, প্রায় ১১ দশমিক ৮ বিলিয়ন বছর আগে 'এলকেএইচ' নামের একটি ছোট গ্যালাক্সি মিল্কিওয়ের সঙ্গে মিশে যায়। তখন মহাবিস্ফোরণের পর মাত্র প্রায় ২ বিলিয়ন বছর পার হয়েছিল।

গবেষণার প্রধান লেখক এবং ইতালির বোলোনিয়া জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান পর্যবেক্ষণকেন্দ্রের গবেষক দাভিদে মাসসারি বলেন, মিল্কিওয়ে কীভাবে তৈরি হয়েছে, সেটি বোঝার জন্য এই ছোট গ্যালাক্সির ভূমিকা গুরুত্বপূর্ণ। তার ভাষায়, মিল্কিওয়ে যদি মানুষের বাসার মতো হয়, তাহলে এলকেএইচ ছিল সেই বাসা তৈরির প্রথম দিকের গুরুত্বপূর্ণ ইটগুলোর একটি। মিল্কিওয়ের প্রাচীন ইতিহাস খুঁজে বের করতে বিজ্ঞানীরা বিভিন্ন মহাকাশ জরিপের তথ্য ব্যবহার করেছেন। এর মধ্যে ইউরোপীয় মহাকাশ সংস্থার গাইয়া অভিযানের তথ্যও রয়েছে। গবেষকেরা মিল্কিওয়ের কেন্দ্র থেকে প্রায় ২০ হাজার আলোকবর্ষের মধ্যে থাকা ৩৯টি প্রাচীন গোলাকার নক্ষত্রগুচ্ছ বা গ্লোবুলার ক্লাস্টার বিশ্লেষণ করেন।

গ্লোবুলার ক্লাস্টার হলো একই সময়ের কাছাকাছি তৈরি হওয়া বিপুলসংখ্যক পুরোনো নক্ষত্রের ঘন সমষ্টি। এসব নক্ষত্রগুচ্ছের বয়স ও গঠনের তথ্য বিশ্লেষণ করলে গ্যালাক্সির অতীত সম্পর্কে ধারণা পাওয়া যায়। গবেষণার সহলেখক এবং ইতালির বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক কিয়ারা জেরবিনাতি বলেন, হাবলের উচ্চমানের ছবি ও বিস্তারিত তথ্যের কারণে বিজ্ঞানীরা এসব নক্ষত্রগুচ্ছের বয়স এবং এতে থাকা ধাতুর পরিমাণ খুব নির্ভুলভাবে মাপতে পেরেছেন। এর সঙ্গে গাইয়ার তথ্য মিলিয়ে গবেষকেরা এমন কিছু নক্ষত্রগুচ্ছ শনাক্ত করেন, যেগুলো অন্যগুলোর তুলনায় আলাদা বৈশিষ্ট্যের। পরে তারা বুঝতে পারেন, এসব নক্ষত্রগুচ্ছ আসলে এলকেএইচ গ্যালাক্সিতে তৈরি হয়েছিল।

গবেষকেরা নক্ষত্রগুচ্ছগুলোর বয়স এবং এতে থাকা ভারী মৌলের পরিমাণ বা ‘ধাতবতা’ বিশ্লেষণ করে তিনটি আলাদা দল শনাক্ত করেন। প্রথম দলে ছিল মিল্কিওয়ের একেবারে শুরুর সময়ে তৈরি হওয়া নক্ষত্রগুচ্ছ। এগুলো মিল্কিওয়ের নিজস্ব প্রাথমিক গঠনের অংশ। দ্বিতীয় দলে ছিল প্রায় ১০ বিলিয়ন বছর আগে গাইয়া-সসেজ-এনসেলাডাস নামের একটি গ্যালাক্সির সঙ্গে সংঘর্ষ ও একীভবনের সময় মিল্কিওয়ে যে নক্ষত্রগুচ্ছগুলো নিজের সঙ্গে যুক্ত করেছিল, সেগুলো। তৃতীয় দলটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নক্ষত্রগুচ্ছগুলো এলকেএইচ গ্যালাক্সিতে তৈরি হয়েছিল। পরে প্রায় ১১ দশমিক ৮ বিলিয়ন বছর আগে এলকেএইচ মিল্কিওয়ের সঙ্গে মিশে গেলে এসব নক্ষত্রগুচ্ছও মিল্কিওয়ের অংশ হয়ে যায়।

গবেষকদের হিসাব অনুযায়ী, মিল্কিওয়ের সঙ্গে মিশে যাওয়ার সময় এলকেএইচ গ্যালাক্সিতে থাকা নক্ষত্রগুলোর মোট ভর ছিল প্রায় ৫০ কোটি সূর্যের সমান। সে সময় তরুণ মিল্কিওয়ে বর্তমানের তুলনায় অনেক ছোট ছিল। তাই এলকেএইচের সঙ্গে একীভূত হওয়ার ঘটনা মিল্কিওয়ের প্রাথমিক গঠনে বড় ধরনের প্রভাব ফেলেছিল। এই একীভবনের মাধ্যমে মিল্কিওয়ে বিপুলসংখ্যক নক্ষত্রের পাশাপাশি গ্যাস ও অদৃশ্য পদার্থও পেয়েছিল। ফলে গ্যালাক্সিটির পরবর্তী সময়ে বড় হয়ে ওঠার ভিত্তি আরো শক্ত হয়। গবেষক মাসসারি বলেন, এর আগে কিছু গবেষণায় ধারণা করা হয়েছিল, মিল্কিওয়ের শুরুর দিকের বিবর্তন মূলত এই গ্যালাক্সির ভেতরেই তৈরি হওয়া নক্ষত্র দিয়ে হয়েছে।

তবে নতুন গবেষণা সেই ধারণাকে আরো বিস্তৃত করেছে। গবেষকদের মতে, মিল্কিওয়ের প্রাথমিক ইতিহাস বুঝতে হলে অন্য গ্যালাক্সিতে জন্ম নেওয়া নক্ষত্রগুলোকেও হিসাবের মধ্যে রাখতে হবে। অর্থাৎ, মিল্কিওয়ে শুধু নিজের ভেতরে নক্ষত্র তৈরি করে বড় হয়নি। অন্য ছোট গ্যালাক্সিকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়েও এটি ধীরে ধীরে বড় হয়েছে। নতুন গবেষণায় প্রায় ১১ দশমিক ৮ বিলিয়ন বছর আগের এমনই একটি গুরুত্বপূর্ণ একীভবনের প্রমাণ পাওয়া গেছে। সূত্র: এনডিটিভি

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers