শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিজ্ঞান ও প্রযুক্তি

মঙ্গলের উপগ্রহ ফোবোস থেকে পাথর সংগ্রহ করবে জাপান

নিউজজি ডেস্ক ২০ অক্টোবর , ২০২৬, ১৪:৫১:২৮

138
  • ছবি : সংগৃহীত

ঢাকা: মঙ্গলের উপগ্রহ ফোবোস থেকে মাটি ও পাথরের নমুনা সংগ্রহের লক্ষ্যে একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে জাপান। বিজ্ঞানীরা আশা করছেন, এই অভিযান থেকে পাওয়া নমুনা সৌরজগতের গঠন এবং পৃথিবীতে প্রাণের উৎপত্তি সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। মঙ্গলবার জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার (জেএএক্সএ) বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

জাক্সা জানায়, মঙ্গলবার ভোরের আগে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তানেগাশিমা দ্বীপের মহাকাশ কেন্দ্র থেকে এইচ-৩ রকেটের মাধ্যমে মার্সিয়ান মুনস এক্সপ্লোরেশন (এমএমএক্স) মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় এক ঘণ্টা পর সংস্থাটির বিজ্ঞানীরা অভিযানটিকে সফল বলে ঘোষণা করেন। এ সময় রকেট উৎক্ষেপণের দৃশ্য সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখেন হাজারো মানুষ।

পরিকল্পনা অনুযায়ী, মহাকাশযানটি আগামী বছরের আগস্টে মঙ্গলের কক্ষপথে পৌঁছাবে। এরপর মঙ্গলের উপগ্রহ ফোবোসের পৃষ্ঠ থেকে অন্তত ১০ গ্রাম মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করবে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০৩১ সালে নমুনাসহ পৃথিবীতে ফিরে আসবে যানটি।

ফোবোসের ব্যাস প্রায় ২২ দশমিক ৫ কিলোমিটার। উপগ্রহটি মঙ্গলের পৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার কিলোমিটার উচ্চতায় থেকে প্রতিদিন তিনবার গ্রহটিকে প্রদক্ষিণ করে।

বিজ্ঞানীদের প্রত্যাশা, ফোবোস থেকে সংগৃহীত নমুনা বিশ্লেষণের মাধ্যমে মঙ্গলের উপগ্রহগুলোর উৎপত্তি, সৌরজগতের বিবর্তন এবং পৃথিবীতে প্রাণের সূচনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

গত অর্ধ শতাব্দীতে নাসা মঙ্গল গ্রহে নয়টি মহাকাশযান অবতরণ করিয়েছে এবং চীন ২০২১ সালে মঙ্গলে অবতরণ করেছে। তবে ফোবোস বা মঙ্গলের ছোট উপগ্রহ ডেইমোসে অবতরণের চেষ্টা এবারই প্রথম। নাসার অ্যাস্ট্রোফিজিসিস্ট টম স্ট্যাটলার এই মিশনটিকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাঁচ বছরের এই মিশনে পাঁচটি মহাকাশ সংস্থা একসঙ্গে কাজ করছে। ৫ কোটি ৭৮ লাখ ডলার (প্রায় ৭১ হাজার ৫১১ কোটি টাকা) ব্যয়ের এই মিশনে মহাকাশযানটির ওজন পাঁচ টন। এটি মঙ্গলের চারপাশে ফোবোসের কক্ষপথে পৌঁছানোর পর ইডেফিক্স নামের একটি ছোট ফরাসি-জার্মান রোভার নামিয়ে দেবে। ফোবোসের মাধ্যাকর্ষণ পৃথিবীর এক হাজার ভাগের এক ভাগ হওয়ায় রোভারটি অবতরণের পর কয়েক মিনিট লাফিয়ে চলবে।

পরবর্তীতে এটি নমুনা সংগ্রহ করবে। বিজ্ঞানীদের আশা, এই নমুনাগুলো ফোবোস ও ডেইমোসের গঠন এবং প্রাণের উৎপত্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র দেবে।

একটি তত্ত্ব অনুযায়ী, মঙ্গলের সঙ্গে অন্য কোনো মহাজাগতিক বস্তুর সংঘর্ষের ফলে এই উপগ্রহগুলো তৈরি হয়েছে। অন্য তত্ত্ব মতে, এগুলো আসলে গ্রহাণু, যা মঙ্গলের মাধ্যাকর্ষণের কারণে আটকে গেছে। কোনটি সঠিক তা জানা গেলে পৃথিবী, মঙ্গল, বুধ ও শুক্র গ্রহে কীভাবে প্রাণের বাসযোগ্য পরিবেশ তৈরি হয়েছিল, তা বুঝতে সুবিধা হবে।

এদিকে মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে পাথরের নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে। নাসার পারসিভারেন্স রোভার ২০২১ সাল থেকে নমুনা সংগ্রহ করলেও, ট্রাম্প প্রশাসনের কারণে সেটি পৃথিবীতে ফিরিয়ে আনার কাজ স্থগিত রয়েছে। অন্যদিকে, চীনের তিয়ানওয়েন-৩ মহাকাশযান ২০২৮ সালের দিকে উৎক্ষেপণের কথা রয়েছে, যা ২০৩১ সালের মধ্যেই মঙ্গলের নমুনা পৃথিবীতে আনতে পারে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers