শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিজ্ঞান ও প্রযুক্তি

মানুষের দক্ষতা প্রতিস্থাপন করবে এআই, বাড়বে বেকারত্ব

নিউজজি ডেস্ক ২৬ অক্টোবর , ২০২৬, ১৫:৩৮:৫১

132
  • ছবি : সংগৃহীত

ঢাকা: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবট প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর আশঙ্কা, এসব প্রযুক্তির বিস্তারের ফলে বিপুলসংখ্যক মানুষ চাকরি হারাতে পারেন। এর প্রভাব শুধু দাপ্তরিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; নির্মাণশিল্প ও কারখানার মতো শারীরিক শ্রমনির্ভর খাতেও মানুষের জায়গা দখল করতে পারে রোবট।

বিশ্বের অন্যতম ধনী এই প্রযুক্তি উদ্যোক্তার মতে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মুনাফা বাড়ানোর প্রবণতা এ ধরনের পরিস্থিতিকে আরও ত্বরান্বিত করতে পারে। প্রতিষ্ঠানগুলোর মুনাফাকেন্দ্রিক কাঠামো এমন একটি মানসিকতা তৈরি করছে, যেখানে মানুষের পরিবর্তে রোবট ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

গেটসের বক্তব্যের সারকথা হলো, রোবট নিয়োগ করে কর্মীদের ছাঁটাই করা এবং এর পরিণতি নিয়ে আর ভাবনা না করা—ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মুনাফাকেন্দ্রিক প্রবণতা এমন আচরণকে উৎসাহিত করছে। খবর ডেইলি মেইলের।

কয়েক বছরে এআইয়ের কারণে চাকরি হারানোর ঘটনা ইতিমধ্যে দেখা যাচ্ছে। বিশেষ করে অফিসভিত্তিক কাজে এর প্রভাব পড়ছে। সফটওয়্যার তৈরি, তথ্য প্রবেশ করানো এবং গ্রাহকসেবার মতো তথ্যনির্ভর বিশ্লেষণমূলক কাজ দ্রুত এআইয়ের আওতায় চলে আসছে। গত সপ্তাহে বার্কলেস ব্যাংক ঘোষণা করেছে, খরচ কমানোর লক্ষ্যে চলতি বছরের শেষ নাগাদ এআই ব্যবহারের মাধ্যমে তাদের বিশ্বব্যাপী কর্মীবাহিনীর ৫ শতাংশ, অর্থাৎ ৫ হাজার চাকরি প্রতিস্থাপন করা হবে। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান এআইকে ‘ধীরে এগিয়ে আসা সুনামি’ হিসেবে বর্ণনা করেন।

তিনি সতর্ক করে বলেন, এই প্রযুক্তি বিশ্বজুড়ে চাকরি কেড়ে নিতে পারে এবং বিশেষ করে তরুণদের কর্মসংস্থানের সুযোগ নষ্ট করতে পারে। কারণ, তরুণরা সাধারণত কর্মজীবনের শুরুতে যেসব রুটিন ও প্রাথমিক পর্যায়ের কাজ করতেন, সেগুলো এআই ইতিমধ্যে খুব কম খরচে দক্ষতার সঙ্গে করতে পারছে।

বিল গেটস সতর্ক করেছেন, মানবসদৃশ রোবটের ব্যবহার বাড়তে থাকায় নির্মাণকাজ ও কারখানার মতো শারীরিক শ্রমনির্ভর পেশাও ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে তার ধারণা, অদূর ভবিষ্যতে এআই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সত্তা হিসেবে মানুষের স্থানও দখল করতে পারে।

দ্য অবজারভার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে গেটস বলেন, উদ্ভাবনের দক্ষতা, অফিসভিত্তিক কাজের দক্ষতা এবং মানবসদৃশ রোবটের বিকাশের সঙ্গে সঙ্গে শারীরিক শ্রমের দক্ষতা- সবই এআইয়ের মাধ্যমে প্রতিস্থাপিত হতে পারে। ব্যাপক বেকারত্বের পরিস্থিতি মোকাবিলায় সরকারগুলোকে নিজেদের প্রস্তুত করতে হবে বলেও মনে করেন তিনি। এ জন্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এবং কর্মীদের নতুন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা জরুরি।

গেটস বলেন, এআইয়ের কারণে সামগ্রিক সমৃদ্ধি বাড়তে পারে। কিন্তু একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষ চাকরি হারালে তাদের সহায়তায় সরকারের হাতে পর্যাপ্ত অর্থ নাও থাকতে পারে।

তার মতে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকার এই সময়ে রাষ্ট্রগুলোকে একাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মধ্যে এআইয়ের কারণে সৃষ্ট বেকারত্বের সমস্যাও মোকাবিলা করতে হবে। গেটস বলেন, আপনারা বলতে পারেন, ধনী দেশগুলোকে এখন গিয়ে বলা-‘চলুন, আপনারা জীবনের সবচেয়ে কঠিন কাজটি করুন’- এর জন্য এটি খুব একটা ভালো সময় নয়।

গেটস আরও পূর্বাভাস দিয়েছেন, ২০২০-এর দশকের শেষ নাগাদ এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কাজ করতে পারে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের স্বার্থের বিরুদ্ধেও কাজ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। গত সেপ্টেম্বরে বৃটেনের এক গবেষক একটি বড় এআই প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিয়ে সতর্ক করেছিলেন, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এই প্রযুক্তি ‘আমাদের সবাইকে মেরে ফেলতে পারে’।

সান ফ্রান্সিসকোভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সর্বশেষ এআই মডেলগুলোর প্রশিক্ষণকাজে যুক্ত ছিলেন ২৭ বছর বয়সী জ্যাকব কক্সন। তিনি এআইয়ের সক্ষমতাকে খাটো করে না দেখার আহ্বান জানিয়েছেন।

তাঁর মতে, এআই যদি ‘সুপার ইন্টেলিজেন্স’ বা অতিমানবীয় বুদ্ধিমত্তার পর্যায়ে পৌঁছে যায়, তাহলে এর সম্ভাব্য ঝুঁকিও অনেক বেড়ে যেতে পারে।

কক্সনের অভিযোগ, জনপ্রিয় এআই চ্যাটবট ক্লডের নির্মাতা অ্যানথ্রোপিক এবং চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই—কোনো প্রতিষ্ঠানই এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। উল্লেখ্য, কক্সন এর আগে ওপেনএআইয়ে কাজ করেছেন।

‘সুপার ইন্টেলিজেন্স’ বলতে এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়, যার সক্ষমতা যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক সামর্থ্যকেও ছাড়িয়ে যেতে পারে। কক্সনের মতে, এ ধরনের প্রযুক্তির বিকাশের সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers