মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

বিদেশ

সম্পদের উৎস নিয়ে প্রশ্ন করায় অস্ট্রেলীয় সাংবাদিকের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

নিউজজি ডেস্ক ১৭ সেপ্টেম্বর , ২০২৫, ১৭:৫৪:১১

116
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের ওপর ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ওয়াশিংটনের হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে এ ঘটনা ঘটে।

ঘটনার সূত্রপাত ঘটে যখন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) এক প্রতিবেদক ট্রাম্পকে প্রশ্ন করেন, “আপনি হোয়াইট হাউজে ফেরার পর থেকে কতটা ধনী হয়েছেন?”

প্রশ্নের জবাবে ট্রাম্প প্রথমে বলেন, “আমি জানি না। যেসব চুক্তি করেছি, তার বেশিরভাগই ছিল ক্ষমতায় আসার আগের। আমার সন্তানরা এখন ব্যবসা চালাচ্ছে। আমি সারা জীবন ভবন বানিয়েছি—এটাই আমার কাজ।”

তবে এর কিছুক্ষণ পরই প্রশ্নটি নিয়ে বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প। তিনি ওই সাংবাদিকের নাম উল্লেখ না করে বলেন, “আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে তোমার কথা জানাব। এভাবে প্রশ্ন করা একেবারেই অনুচিত।”

এ সময় হঠাৎ করেই ট্রাম্প নিজের উদ্যোগে হোয়াইট হাউজে নির্মাণাধীন একটি নতুন বলরুমের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “ওই জায়গাটা দেখেছেন? সেখানে হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দর বলরুম। নির্মাণে ব্যয় হবে প্রায় ২৫ কোটি ডলার। আমি নিজেই এর খরচ দিচ্ছি, রাষ্ট্রের এক পয়সাও খরচ হচ্ছে না। গত ১৫০ বছর ধরে এমন একটি বলরুমের প্রয়োজন ছিল, এখন অবশেষে সেটা হচ্ছে। এটা সবাইকে চমকে দেবে।”

এই পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে অনেকেই প্রশ্ন করছেন—একজন রাজনৈতিক নেতা হিসেবে ট্রাম্পের ব্যক্তিগত সম্পদের প্রসঙ্গে এমন প্রতিক্রিয়া কতটা গ্রহণযোগ্য।

সাংবাদিক এরপর ট্রাম্প পরিবারের সাম্প্রতিক ব্যবসায়িক সাফল্যের প্রসঙ্গ তোলেন। এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প পরিবার কেবল একটি ক্রিপ্টোকারেন্সি উদ্যোগ থেকেই সাম্প্রতিক মাসগুলোতে প্রায় ৫০০ কোটি ডলার লাভ করেছে।

সাংবাদিক প্রশ্ন করেন, একজন বর্তমান প্রেসিডেন্টের এত ব্যাপক ব্যবসায়িক কার্যক্রমে জড়িত থাকা কি ঠিক?

ট্রাম্প জবাব দেন, আমি আসলে জড়িত নই, আমার সন্তানরাই ব্যবসা চালাচ্ছে। এরপরই তিনি সাংবাদিককে আক্রমণ করে বলেন, আপনি কোথা থেকে এসেছেন?

সাংবাদিক জানান, তিনি এবিসি থেকে এসেছেন।

ট্রাম্প তখন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আমার মতে, আপনি অস্ট্রেলিয়াকে ক্ষতিগ্রস্ত করছেন। তারা আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। আপনাদের নেতা কিছু দিনের মধ্যে আমার সাথে দেখা করতে আসবেন, আমি তাকে আপনার কথা বলব। আপনি খুব খারাপ একটা উদাহরণ স্থাপন করলেন।

এরপর ট্রাম্প দ্রুত আরেক সাংবাদিককে প্রশ্ন করার সুযোগ দেন ও ওই অস্ট্রেলিয়ান সাংবাদিককে থামিয়ে দেন। সাংবাদিক যখন আবার প্রশ্ন করার চেষ্টা করছিলেন, ট্রাম্প চিৎকার করে বলেন, চুপ!

সূত্র: ইয়াহু নিউজ

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers