মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ , ২৩ রবিউস সানি ১৪৪৮

বিদেশ

ইসরায়েলে আটক অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন গ্রেটা থুনবার্গ

নিউজজি ডেস্ক ৮ অক্টোবর , ২০২৫, ১৩:৩৯:১৬

182
  • ছবি: সংগৃহীত

ঢাকা: গাজামুখী মানবিক সহায়তা বহরের সঙ্গে আটক হওয়ার পর ইসরায়েলি কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার (স্টকহোমে) দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আটক অবস্থায় তাকে ও তার সহকর্মীদের বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়নি, এমনকি যাদের ওষুধ প্রয়োজন ছিল, তারাও তা থেকে বঞ্চিত হন।

থুনবার্গ বলেন, “আমাদের সঙ্গে কী ঘটেছে, তা আমি ব্যক্তিগতভাবে তুলে ধরতে চাই না। কারণ আমি চাই না সংবাদমাধ্যমের শিরোনাম হোক— ‘গ্রেটাকে নির্যাতন করা হয়েছে।’ আসল গল্প এটি নয়। গাজার মানুষ প্রতিদিন যে মাত্রার নিপীড়নের শিকার হন, তার তুলনায় আমাদের অভিজ্ঞতা কিছুই না।”

তিনি আরও জানান, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” নামের ত্রাণবাহী নৌবহরের সঙ্গে থাকা তিনি ও আরও ৪৭৮ জনকে আটক করা হয়। নৌবহরটি গাজার অবরুদ্ধ জনগণের জন্য মানবিক সহায়তা বহন করছিল এবং বিশ্বের দৃষ্টি সেখানে চলমান সংকটের দিকে ফেরানোর চেষ্টা করছিল।

সোমবার থুনবার্গকে সুইডেনে ফেরত পাঠায় ইসরায়েল।

ইসরায়েলি কারাগারে আটককৃতদের নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেন, “সব আটক ব্যক্তিকে পানি, খাবার ও শৌচাগার ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে এবং তাদের সব আইনি অধিকার নিশ্চিত করা হয়েছে।”

তবে সুইডিশ মানবাধিকারকর্মীরা অভিযোগ করেছেন, আটক অবস্থায় গ্রেটা থুনবার্গকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং তাকে ইসরায়েলের পতাকা পরতে বাধ্য করা হয়। যদিও এই বিষয়ে থুনবার্গ নিজে সংবাদ সম্মেলনে কোনো মন্তব্য করেননি।

এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় দুর্ভিক্ষ বা খাদ্যসংকটের বিষয়টি ‘অতিরঞ্জিত’ বলে দাবি করেছে। তাদের মতে, এ ধরনের ত্রাণবাহী অভিযানগুলো মূলত ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সুবিধা দেয়।

ঘটনার পর সুইডিশ সরকার জানিয়েছে, তারা গাজায় ভ্রমণ না করার বিষয়ে নাগরিকদের আগেই সতর্ক করেছিল। তবে আটক সুইডিশ নাগরিকদের কনস্যুলার সহায়তা দেওয়া হয়েছে এবং ইসরায়েলের প্রতি আটক ব্যক্তিদের সঙ্গে মানবিক ও সম্মানজনক আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গ্রেটা থুনবার্গ এর আগেও, গত জুন মাসে গাজামুখী আরেকটি নৌবহরে অংশ নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন। জাতিসংঘের তথ্যানুসারে, গাজায় বর্তমানে ২২ লাখেরও বেশি মানুষ গৃহহীন এবং মারাত্মক খাদ্যসংকটে ভুগছেন।

সূত্র: রয়টার্স

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers