শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ , ৩ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

শ্রমঘাটতি পূরণে যুক্তরাজ্যের নতুন অস্থায়ী ভিসা ৮২টি পেশার তালিকা

নিউজজি ডেস্ক ১২ অক্টোবর , ২০২৫, ১১:৪৬:১৪

264
  • ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্য শ্রমিক ঘাটতি মোকাবিলায় নতুন অভিবাসন প্রকল্পের অধীনে অস্থায়ী কাজের ভিসার জন্য ৮২টি মাঝারি ও দক্ষ পেশার তালিকা প্রকাশ করেছে। ব্রিটেনের অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি (এমএসি) মন্থর অর্থনীতি ও কিছু খাতে কর্মী সংকটের প্রেক্ষিতে এসব পেশায় প্রয়োজনীয় যোগ্যতা ছাড় দিয়ে বিদেশি কর্মীদের সীমিত প্রবেশাধিকার দেওয়ার সুপারিশ করেছে।

এ সময় ইংলিশ চ্যানেলে অনিয়মিত নৌকাযোগে অভিবাসী আগমনের বিষয়টি দেশটির ভোটারদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি করেছে। পপুলিস্ট দল রিফর্ম ইউকের জনপ্রিয়তার কারণে লেবার পার্টি পিছিয়ে পড়ায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিতে বাধ্য হচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

কমিটি বলেছে, এমএসি যেসব পেশার সুপারিশ করবে, সেগুলোতে অভিবাসী শ্রমের প্রয়োজনীয়তা কমানো এবং স্থানীয় কর্মীদের সর্বাধিক ব্যবহারে গৃহীত পরিকল্পনাও উপস্থাপন করতে হবে। প্রস্তাবিত পেশার তালিকায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ওয়েল্ডার, ফটোগ্রাফার, অনুবাদক এবং লজিস্টিক ম্যানেজারও অন্তর্ভুক্ত রয়েছে।

কমিটির সুপারিশ অনুযায়ী, যোগ্য অভিবাসী কর্মীদের তিন থেকে পাঁচ বছরের ভিসা দেওয়া যেতে পারে। তবে সরকার নীতি পরিবর্তন না করলে তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি না দেওয়ার কথাও বলা হয়েছে।

আবেদনকারীদের ইংরেজি ভাষায় ন্যূনতম দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ এবং নিয়োগকর্তাদের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ এবং নিয়োগের পরিকল্পনা জমা দিতে হবে। ২০২৬ সালের জুলাই মাসে পর্যালোচনার দ্বিতীয় ধাপে এই পেশার তালিকা চূড়ান্ত করা হবে।

কানাডা এবং অস্ট্রেলিয়ায় একই ধরনের পরিকল্পনা বিদ্যমান রয়েছে। এসব দেশে স্বাস্থ্যসেবা, প্রকৌশল এবং দক্ষ বাণিজ্যে শ্রমঘাটতি পূরণের জন্য ভিসা প্রকল্প কার্যকর রয়েছে। এদিকে, দুই দিনের ভারত সফরে স্টারমার ভারত সরকারের সঙ্গে ভিসা চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এর আগে এই ইস্যুর কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা বাধাগ্রস্ত হয়েছিল। 

সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers