শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

বিদেশ

অনাস্থা ভোটে টিকে গেলেন ফরাসি প্রধানমন্ত্রী লেকর্নু

নিউজজি ডেস্ক ১৭ অক্টোবর , ২০২৫, ১৭:১৮:০২

157
  • সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু দেশটির পার্লামেন্টে উপস্থাপিত দুটি অনাস্থা প্রস্তাবের মুখে শেষ পর্যন্ত টিকে গেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত ভোটে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় প্রস্তাব দুটি বাতিল হয়ে যায়। ফলে লেকর্নুর নবগঠিত সরকার আপাতত রাজনৈতিক সংকট থেকে রেহাই পেল।

কট্টর বামপন্থি দল ফ্রান্স আনবোড এবং ডানপন্থী ন্যাশনাল র‍্যালি আলাদাভাবে লেকর্নুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে। কিন্তু ভোটাভুটিতে ফ্রান্স আনবোডের প্রস্তাব সমর্থন পায় ২৭১টি ভোট এবং ন্যাশনাল র‍্যালির প্রস্তাব পায় ১৪৪টি ভোট। অথচ সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রয়োজন ছিল কমপক্ষে ২৮৯টি ভোট।

পেনশন সংস্কার ইস্যুতে লেকর্নুর নমনীয় অবস্থান তাকে অনাস্থা ভোটে বড় সহায়তা দিয়েছে। তিনি ঘোষণা করেন, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বিতর্কিত পেনশন সংস্কার পরিকল্পনা ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত স্থগিত থাকবে। এ প্রতিশ্রুতির পর সোশ্যালিস্ট পার্টি তার প্রতি সমর্থন জানায়, যা অনাস্থা ভোটে টিকে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পার্লামেন্টে আগেই ২৬৫ জন আইনপ্রণেতা লেকর্নুর বিপক্ষে ভোট দেয়ার ঘোষণা দিয়েছিলেন। সে অবস্থায় সোশ্যালিস্টদের সমর্থন না আসলে লেকর্নু সরকার হয়তো টিকে থাকতে পারত না।

অনাস্থা ভোটে ব্যর্থ হলে লেকর্নু ও তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হতো। এর ফলে ফ্রান্সে আগাম নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি হতো এবং দেশ বড় ধরনের রাজনৈতিক অনিশ্চয়তায় পড়ে যেত। যদিও আপাতত সে পরিস্থিতি এড়ানো গেছে, তবে সরকারের সামনে এখনো কঠিন পথ রয়ে গেছে।

সূত্র: সিএনএন

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers