বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ , ১ রমজান ১৪৪৭

বিদেশ

'বিক্ষোভকারীদের ফাঁসি দিলে কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র'

নিউজজি ডেস্ক ১৪ জানুয়ারি , ২০২৬, ১২:৩০:৫৩

93
  • ছবি : সংগৃহীত

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের যদি ফাঁসি কার্যকর করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোরতম ব্যবস্থা নিতে বাধ্য হবে। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জানুয়ারি) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তবে ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সিবিএস ইভনিং নিউজের উপস্থাপক টনি ডোকুপিল ট্রাম্পের কাছে ইরানে বুধবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া কথিত ফাঁসি কার্যকর হওয়ার বিষয়ে জানতে চেয়েছিলেন। এর জবাবে ট্রাম্প বলেন, ‘আমি ফাঁসির বিষয়ে শুনিনি। যদি তারা তাদের ফাঁসি দেয়, তবে আপনারা এমন কিছু দেখবেন, আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নেব।’

এর আগে তেহরানের প্রসিকিউটররা জানান, সাম্প্রতিক বিক্ষোভে গ্রেপ্তার হওয়া কিছু ব্যক্তির বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার’ অভিযোগে মৃত্যুদণ্ডের মামলা করা হবে।

‘কঠোর ব্যবস্থা’ বলতে কী বোঝাতে চেয়েছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ভেনেজুয়েলায় সাম্প্রতিক হামলা এবং ২০১৯ সালে ইসলামিক স্টেটের তৎকালীন নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যার প্রসঙ্গ টেনে আনেন।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভ থামাতে ইরানের দমন-পীড়নে এরই মধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়ে থাকতে পারে। এসব বিক্ষোভ ইরানের ধর্মীয় নেতৃত্বের জন্য এখন পর্যন্ত অন্যতম বড় চ্যালেঞ্জ বলে দাবি করছেন অনেকে।

ট্রাম্পের এ হুমকিকে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা বলে মন্তব্য করেছে তেহরান। জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটনের এই ‘চেনা কৌশল’ আবারও ব্যর্থ হবে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের কল্পনা ও নীতির মূল লক্ষ্য হচ্ছে সরকার পরিবর্তন।

সূত্র: সিবিএস নিউজ

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন