বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

বিদেশ

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১

নিউজজি ডেস্ক ১৯ জানুয়ারি , ২০২৬, ১০:৩৯:০৩

104
  • ছবি : সংগৃহীত

ঢাকা: স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। রেলপথে এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, কর্ডোবা শহরের কাছাকাছি আদামুজ শহরের কাছে মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি রেললাইনে গিয়ে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়। আর এতেই ঘটে হতাহতের ঘটনা।

আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা এখনও লাইনচ্যুত বগিগুলো থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।

আদিফের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা ছেড়ে যাওয়ার প্রায় ১০ মিনিট পর এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের স্বজনদের জন্য মাদ্রিদের আতুচা, সেভিল, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা স্টেশনে বিশেষ সহায়তা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তার জন্য স্টেশনগুলো রাতভর খোলা রাখার সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ।

মালাগা থেকে পরিষেবা পরিচালনাকারী বেসরকারি রেল কোম্পানি ইরিয়ো ট্রেনটির লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ওই ট্রেনে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।

স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানি লেতিসিয়া এই দুর্ঘটনার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক বিবৃতিতে রাজপ্রাসাদ জানায়, নিহতদের স্বজন ও প্রিয়জনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই এর সাংবাদিক সালভাদর হিমেনেজ দুর্ঘটনাকবলিত একটি ট্রেনে ছিলেন। তিনি জানান, সংঘর্ষের মুহূর্তটি ছিল ভূমিকম্পের মতো। তিনি বলেন, আমি প্রথম বগিতে ছিলাম। হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে, আর তখনই বুঝলাম ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।

পরবর্তীতে এক্সে দেয়া আরেকটি বার্তায় তিনি আরও বলেন, প্রচণ্ড শীতের মধ্যে তিনি ও আরও কয়েকজন যাত্রী বাসের অপেক্ষায় আছেন। ওই বাস তাদের স্থানীয় একটি ক্রীড়া কেন্দ্রে নিয়ে যাবে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করছে। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনোও নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়েছেন। সূত্র: বিবিসি

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন