রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

বিদেশ

‘যুক্তরাষ্ট্র যুদ্ধে যা পায়নি, তাই দাবি করছে’

নিউজজি ডেস্ক ১২ এপ্রিল , ২০২৬, ০৯:৫২:৫৬

24
  • সংগৃহীত

ঢাকা: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা পরমাণু বিষয়ক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিবিড় আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার এই দায় যুক্তরাষ্ট্রের বলে দাবি করেছে ইরান।

রোববার (১২ এপ্রিল) ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই আলোচনায় ‘এমন সব জিনিস দাবি করছে যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পারেনি’।

ইরানি বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, ইরান হরমুজ প্রণালি, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি এবং অন্যান্য বেশ কয়েকটি বিষয়ে আমেরিকার উচ্চাভিলাষী শর্তাবলী মেনে নেয়নি।

প্রতিনিধি দলের ভাষ্য, আমেরিকানরা আন্তর্জাতিক অঙ্গনে তাদের হারানো মর্যাদা ফিরে পাওয়ার জন্য এই আলোচনার প্রয়োজন বোধ করেছিল, কিন্তু ইরানের সাথে যুদ্ধে পরাজয় এবং অচলাবস্থা সত্ত্বেও তারা তাদের প্রত্যাশা কমাতে রাজি নয়।

তারা আরও যোগ করেছে যে, পরবর্তী দফার আলোচনার জন্য ইরানের আপাতত কোনো পরিকল্পনা নেই।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইসলামাবাদের আলোচনা শেষ হয়েছে কারণ যুক্তরাষ্ট্রের ‘অত্যধিক দাবি একটি কাঠামো তৈরিতে বাধা সৃষ্টি করেছে’।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি, পরমাণু অধিকার এবং অন্যান্য বিভিন্ন ইস্যু বিবাদের মূল পয়েন্ট হিসেবে কাজ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে এক বিবৃতিতে বলেছেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের গুরুত্ব ও সদিচ্ছার ওপর। তাদের অতিরিক্ত ও বেআইনি দাবি থেকে বিরত থাকতে হবে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দিতে হবে। সূত্র: আল-জাজিরা

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers