সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নির্ভর করছে একটি দলের উপর

নিউজজি ডেস্ক ৯ মে , ২০২৬, ১৬:০৬:৪২

109
  • সংগৃহীত

ঢাকা: তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় এখন অনিশ্চয়তার মুখে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এখনও নিশ্চিত করতে পারেননি তিনি।

গতকাল সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি এমন ছিল যে, বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) সরকার গঠনের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে হচ্ছিল। তবে শেষ মুহূর্তে টিটিভি দিনাকরণের এএমএমকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) সমর্থন না দেওয়ার ঘোষণা দিলে নতুন করে রাজনৈতিক জটিলতা তৈরি হয়।

এখন পুরো নজর বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) দিকে। দলটির দুই বিধায়কের সমর্থন পেলেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা পেয়ে যাবেন বিজয়।

ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভানের উপস্থিতিতে দলটির এক নেতা সাংবাদিকদের বলেন, আজ বিকেল ৪টায় তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। গতকাল বিজয় ভিসিকে, এএমএমকে এবং আইইউএমএলের এক বিধায়কের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন।

তবে এখন পর্যন্ত তিনি প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পারেননি বলে জানা গেছে। বর্তমানে তার পক্ষে রয়েছেন ১১৬ জন নবনির্বাচিত বিধায়ক।

আজও থিরুমাভালাভানের সঙ্গে বিজয়ের বৈঠকের কথা রয়েছে। যদি ভিসিকে সমর্থন দেয়, তাহলে চেন্নাইয়ে শুরু হবে টিভিকে সমর্থকদের উদযাপন।

অচলাবস্থা কোথায়

বুধবার ও বৃহস্পতিবার রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে দুই দফা বৈঠক করেন বিজয়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন রয়েছে, এমন নিশ্চয়তা তিনি রাজ্যপালকে দিতে পারেননি তিনি। গতকাল সন্ধ্যায় তৃতীয়বারের মতো রাজ্যপালের সঙ্গে বৈঠক হলেও অবস্থার পরিবর্তন হয়নি।

রাজ্যপালের কার্যালয়ের সূত্র বলছে, ১১৮ জন বিধায়কের সমর্থনের প্রমাণ দেখাতে না পারায় এখনো বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যপাল প্রত্যেক সমর্থনকারী বিধায়কের স্বাক্ষরিত চিঠি চেয়েছেন। তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনের সমর্থন।

জোটের অঙ্ক

বর্তমানে বিজয়ের পাশে রয়েছে কংগ্রেস, সিপিআই ও সিপিএম। বাম দল দুটি নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেস শর্তসাপেক্ষে সমর্থন দিয়েছে। সূত্র বলছে, কংগ্রেস সরকারে দুটি মন্ত্রণালয় চায়। অন্যদিকে বাম দলগুলো মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না।

সাম্প্রতিক নির্বাচনে ১০৮টি আসন জিতে সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে টিভিকে। এর মধ্য দিয়ে ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে দেয় দলটি। বিজয় নিজে দুটি

আসনে জয় পেলেও নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হওয়ায় বর্তমানে তার দলের বিধায়ক সংখ্যা ১০৭।

কংগ্রেসের পাঁচ এবং বাম দলগুলোর চার বিধায়কের সমর্থন নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৬। অর্থাৎ সরকার গঠনের জন্য এখনো দুই বিধায়কের সমর্থন প্রয়োজন। সেই সমর্থন নিশ্চিত না হওয়া পর্যন্ত শপথ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers