সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

বিতর্কের মাঝেও আসামে হিমন্তের ওপরই ভরসা বিজেপির

নিউজজি ডেস্ক ১০ মে , ২০২৬, ১৮:৩৬:০৯

120
  • বিতর্কের মাঝেও আসামে হিমন্তের ওপরই ভরসা বিজেপির

ঢাকা: আসামের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বশর্মাই ফের দায়িত্ব নেয়া প্রায় নিশ্চিতই ছিল। রোববার (১০ মে) আনুষ্ঠানিকভাবে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর পরিষদীয় দলের নেতা হিসেবে তার নাম ঘোষণা করা হয় আসাম বিধানসভায়।

এরপর তিনি লোকভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সরকার গঠনের দাবি জানান। জানা গেছে, আগামী মঙ্গলবার (১২ মে) তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন বলেও আলোচনা রয়েছে।

এনডিএর পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ায় মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন হিমন্ত। পাশাপাশি তিনি বলেন, আগামী পাঁচ বছরে আসামের উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি আনার লক্ষ্য নিয়েই কাজ করবে তার সরকার।

আসন বাড়িয়ে টানা তৃতীয়বার আসামে বিধানসভা ভোটে জয়ী হয়েছে বিজেপি। ১২৬ আসনের আসাম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৭৬টি আসন। বিজেপি ৮২টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। আর এনডিএ জিতেছে ১০২টি আসন।

এবারের বিধানসভা ভোটে পুরনো সহযোগী আসাম গণপরিষদ, বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের পাশাপাশি নিম্ন আসামের রাভা-হাজং স্বশাসিত পরিষদের ক্ষমতাসীন দল রাভা-হাজং যৌথ মঞ্চের সঙ্গে জোট গড়েছিল বিজেপি।

২০১৬ সালে আসামে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। সেবার সর্বানন্দ সনোয়ালকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। তার নেতৃত্বেই ২০২১ সালের বিধানসভা ভোটে জিতেছিল এনডিএ। তবে সর্বানন্দকে আর মুখ্যমন্ত্রী করা হয়নি। তার বদলে হিমন্তের কাঁধে আসামের দায়িত্ব দিয়েছিলেন মোদী-শাহ।

২০২৬ সালে হিমন্তের নেতৃত্বে লড়ে আবার জেতে এনডিএ। কিন্তু এবার আর মুখ্যমন্ত্রী বদলের পথে হাঁটল না বিজেপি। হিমন্তকেই দ্বিতীয়বারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেয়া হলো।

প্রসঙ্গত, আসামের মুখ্যমন্ত্রী পদে আরোহণের পর রাজ্যটির মুসলিম জনগোষ্ঠীকে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন হিমন্ত। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান না বলে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। তার এই বক্তব্যের পর ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। সূত্র: আনন্দবাজার।

নিউজজি/এস আর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers