সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

স্পেনে প্রমোদতরীতে হান্টাভাইরাসে আক্রান্ত যাত্রী সরানোর কাজ শুরু

নিউজজি ডেস্ক ১০ মে , ২০২৬, ১৯:১৯:০০

106
  • স্পেনে প্রমোদতরীতে হান্টাভাইরাসে আক্রান্ত যাত্রী সরানোর কাজ শুরু

ঢাকা: স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ উপকূলে নোঙর করা প্রমোদতরী ‘এমএস হন্ডিয়াস’ থেকে হান্টাভাইরাসে আক্রান্ত যাত্রীদের সরিয়ে নেয়া শুরু করেছে স্পেন। রোববার (১০ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীদের জাতীয়তা অনুযায়ী ধাপে ধাপে সরানো হচ্ছে। প্রথম ধাপে ১৪ জন স্প্যানিশ নাগরিককে সরিয়ে নেয়া হবে। এরপর নেদারল্যান্ডস, গ্রিস ও জার্মানির যাত্রীদের সরানো হবে। পরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যাত্রীদের নিয়ে ফ্লাইট ছাড়বে, আর শেষ ধাপে, আগামী সোমবার, অস্ট্রেলিয়াগামী ফ্লাইট পরিচালিত হবে।

যাত্রীদের ছোট নৌকায় করে তীরে আনা হচ্ছে এবং সেখান থেকে বিমানবন্দরে নিয়ে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে জাহাজের চারপাশে এক নটিক্যাল মাইল এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সামরিক পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে। তবে, জাহাজটিকে বন্দরে ভিড়তে দেয়া হয়নি।

টেনেরিফের ক্যান্ডেলারিয়া হাসপাতালে আইসিইউসহ বেশ কয়েকটি ইমারজেন্সি ইউনিট প্রস্তুতি রাখা হয়েছে বলা জানা যায়। সংক্রামক রোগ মোকাবিলার জন্য আলাদা আইসোলেশন ইউনিট, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও প্রস্তুত রয়েছে।

ভাইরাস সংক্রমণসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-এর প্রধান ড. টেড্রোস আধানম গেব্রিয়েসুস । তিনি স্পেনের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, সাধারণ মানুষের জন্য সংক্রমণের ঝুঁকি খুবই কম। তারপরই স্পেনের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপ প্রশংসনীয়।

এদিকে, স্পেন সরকারও জানিয়েছে, জনসাধারণের জন্য বড় কোনো ঝুঁকি নেই। তবে সতর্কতা হিসেবে যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে এবং দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখা হতে পারে।

উল্লেখ্য, নেদারল্যান্ডসভিত্তিক প্রমোদতরিটিটে হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বলছে, হান্টাভাইরাস মূলত ইঁদুরের মাধ্যমেই ছড়ায়। এমনকি, এ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তবে এমন ঘটনা বিরল।

সাধারণত ইঁদুরের প্রস্রাব, বিষ্ঠা ও লালা থেকে হান্টাভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে। ইঁদুর বাসা বেঁধেছে, এমন জায়গা পরিষ্কার করার সময় এই ভাইরাস বাতাসে মিশে যায় এবং নিশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে।

নিউজজি/এস আর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers