মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

বিদেশ

শত্রুকে ‘বেদনাদায়ক’ পরিণতির হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের

নিউজজি ডেস্ক ১১ মে , ২০২৬, ১১:০৪:১১

58
  • সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নেওয়া হলে তার জবাব হবে ব্যাপক, ভয়াবহ ও বেদনাদায়ক।

রোববার (১০ মে) রাওয়ালপিন্ডির জিএইচকিউতে ভারত-পাকিস্তান সংঘাতের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তান সরকার গত বছরের এ সংঘাতকে ‘মারকা-ই-হক’ বা ‘সত্যের যুদ্ধ’ নামে আখ্যা দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিম মুনির বলেন, শত্রুপক্ষকে বুঝতে হবে—পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো আগ্রাসী পদক্ষেপের প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকবে না; বরং তা হবে সুদূরপ্রসারী, বিপজ্জনক ও কষ্টদায়ক।

তিনি দাবি করেন, ২০২৫ সালের মে মাসে ভারত পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড লঙ্ঘনের চেষ্টা করেছিল, যার জবাব পাকিস্তান জাতীয় ঐক্য ও সামরিক শক্তি দিয়ে দিয়েছে।

আসিম মুনির আরও বলেন, ‘মারকা-ই-হক শুধু দুটি দেশের বা দুই সেনাবাহিনীর মধ্যে প্রচলিত যুদ্ধ ছিল না; এটি ছিল দুটি মতাদর্শের মধ্যে নির্ধারক লড়াই, যেখানে আল্লাহর রহমতে সত্যের জয় হয়েছে এবং মিথ্যার পরাজয় হয়েছে।’

তিনি অভিযোগ করেন, ভারত অতীতেও ২০০১, ২০০৮, ২০১৬ ও ২০১৯ সালে মিথ্যা অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে। তবে প্রতিবারই পাকিস্তান ভারতের অভিযোগ ও কৌশল ব্যর্থ করে দিয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন, ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’-এর মাধ্যমে ভারতের আভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার কৌশল উন্মোচন করে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, ভারত মনে করেছিল সামরিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে পাকিস্তানকে দুর্বল করে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি বলেন, কিন্তু বাস্তবে বিশ্ব ও প্রতিরক্ষা বিশ্লেষকরা জানেন, ভারতের উচ্চাকাঙ্ক্ষা তাদের সক্ষমতা ও বাস্তব অবস্থানের তুলনায় অনেক বড় প্রমাণিত হয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী কখনো শক্তির আধিপত্যে ভীত হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

এ সময় ‘মারকা-ই-হক’-এ নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনাপ্রধান। ভারতীয় হামলায় নিহত নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদেরও স্মরণ করেন আসিম মুনির। তার ভাষায়, ‘এই বিজয়ের মূল্য তারা নিজেদের রক্ত দিয়ে পরিশোধ করেছেন।’ সূত্র: দ্য ডন

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers