সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

তামিলনাড়ুতে উপাসনালয়-স্কুলের পাশে মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

নিউজজি ডেস্ক ১২ মে , ২০২৬, ১২:৫৫:৩০

77
  • সংগৃহীত

ঢাকা: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ নিলেন ‘থালাপতি’ বিজয় । মঙ্গলবার তিনি নির্দেশ দিয়েছেন, রাজ্যের ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান দ্রুত বন্ধ করতে হবে।

প্রশাসনকে আগামী দুই সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। মন্দির, মসজিদ, গির্জা, স্কুল-কলেজ এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের (টিএএসএমএসি) সব দোকান এই সিদ্ধান্তের আওতায় পড়বে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ুতে স্টেট মার্কেটিং কর্পোরেশনের মোট ৪ হাজার ৭৬৫টি খুচরা মদের দোকান রয়েছে। বন্ধের তালিকায় থাকা ৭১৭টি দোকানের মধ্যে ২৭৬টি ধর্মীয় উপাসনালয়ের কাছাকাছি, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় অবস্থিত।

মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই বিজয়ের এই নীতিগত সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জনবহুল ও সংবেদনশীল এলাকায় মদের অবাধ বিক্রি নিয়ে রাজ্যটির সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল। সেই উদ্বেগ কাটাতেই নতুন সরকার এই পদক্ষেপকে একটি প্রধান 'সামাজিক সংস্কার' হিসেবে তুলে ধরছে।

তবে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন এখন রাজ্য সরকারের রাজস্ব আদায়ের অন্যতম বৃহৎ উৎস। তাই এই দোকানগুলো বন্ধ হয়ে গেলে রাজ্য সরকারের কোষাগারে কী ধরনের প্রভাব পড়বে এবং জনকল্যাণমূলক প্রতিশ্রুতিগুলো পূরণে কোনো বাধার সৃষ্টি হবে কি না, তা নিয়ে আলোচনার সূত্রপাত হতে পারে।

৫১ বছর বয়সি অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল তামিলাগা ভেত্রি কালাগাম (টিভিকে) নির্বাচনে অভাবনীয় সাফল্য দেখিয়ে রাজ্যের একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কংগ্রেস, বামপন্থি দল, ভিসিকে ও মুসলিম লীগের সমর্থন নিয়ে টিভিকে তামিলনাড়ুর ইতিহাসে প্রথমবারের মতো জোট সরকার গঠন করেছে।

দায়িত্ব গ্রহণের পর আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। আবাসিক গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন দিয়েছেন তিনি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী গঠনের পাশাপাশি রাজ্যে মাদকের বিস্তার রোধে প্রতি জেলায় একটি করে মাদকবিরোধী ইউনিট গঠনের নির্দেশও দিয়েছেন বিজয়।

তবে শপথগ্রহণ অনুষ্ঠানের পর বিজয়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণা প্রতিপক্ষ দল ডিএমকে-কে লক্ষ্য করে। তিনি ঘোষণা দেন, ২০২১ থেকে ২০২৬ সালের মেয়াদে রাজ্যের প্রকৃত আর্থিক অবস্থার খতিয়ান দিতে শ্বেতপত্র প্রকাশ করা হবে।

মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণেই বিজয় বলেন, 'তামিলনাড়ু সরকারের বর্তমান পরিস্থিতির কথা আপনাদের জানাতেই হবে। রাজ্যের ঘাড়ে ১০ লাখ কোটি রুপির বেশি ঋণের বোঝা রয়েছে। কোষাগার পুরোপুরি খালি। এই বোঝা সত্যিই অসহনীয়।'

এছাড়াও নারী সুরক্ষায় আরও কড়া পদক্ষেপ এবং রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন তিনি।

তিরুচিরাপল্লি পূর্ব কেন্দ্র থেকে বিজয় ইস্তফা দেওয়া তামিলনাড়ু বিধানসভায় টিভিকের বিধায়ক সংখ্যা এখন ১০৭। এর পাশাপাশি কংগ্রেস, ভিসিকে, আইইউএমএল ও বামে দলগুলোর ১৩ জন বিধায়কের সমর্থন রয়েছে তাদের পক্ষে। শিগগিরই বিধানসভায় আস্থাভোটের মাধ্যমে বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। সূত্র: ইন্ডিয়া টুডে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers