সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

‘ফার্মগেট কেলেঙ্কারির’ তদন্তে অভিসংশিত হতে পারেন দ. আফ্রিকার প্রেসিডেন্ট

নিউজজি ডেস্ক ১২ মে , ২০২৬, ১৩:৫৯:০৩

92
  • সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ‘ফার্মগেট’ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্তের সূত্র ধরে অভিশংসন কমিটি গঠনের পথে এগোচ্ছে দেশটির পার্লামেন্ট। খবর আল জাজিরার।

সোমবার (১১ মে) দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নিম্নকক্ষ জানায়, স্পিকার শিগগিরই একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেবেন। দেশটির সর্বোচ্চ আদালতের সাম্প্রতিক নির্দেশনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার বছর আগে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে তদন্ত স্থগিত করার যে সিদ্ধান্ত পার্লামেন্ট নিয়েছিল, আদালত গত সপ্তাহে তা পুনর্বহাল করে।

শুক্রবার সাংবিধানিক আদালত রায়ে উল্লেখ করে, কেলেঙ্কারি সংক্রান্ত তদন্ত আটকে দিতে পার্লামেন্ট যে পদক্ষেপ নিয়েছিল, তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এরপর রামাফোসার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ খতিয়ে দেখতে একটি অভিশংসন কমিটি গঠন করা হবে। আলোচিত এই কেলেঙ্কারির মূল বিষয় হলো—প্রেসিডেন্টের মালিকানাধীন খামারবাড়ির একটি সোফার ভেতরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা লুকিয়ে রাখার অভিযোগ।

তদন্ত শেষে কমিটি আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়া শুরু করার সুপারিশ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। ধারণা করা হচ্ছে, বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা ও পর্যালোচনা চলবে।

এই কেলেঙ্কারির সূত্রপাত ২০২০ সালে। সে সময় রামাফোসার ফালা ফালা গেম ফার্ম থেকে সোফার ভেতরে লুকিয়ে রাখা ৪০ লাখ ডলার চুরি হয়। দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসা রামাফোসা কীভাবে এই অর্থ পেয়েছিলেন, তিনি তা ঘোষণা করেছিলেন কি না এবং ব্যাংকে না রেখে কেন আসবাবের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তিনি সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

গত সপ্তাহে রামাফোসা বলেন, অভিশংসন প্রক্রিয়া পুনরায় চালুর আদালতের রায়কে তিনি সম্মান করেন। তবে সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, তিনি পদত্যাগ করবেন না। একই সঙ্গে তিনি বলেন, একটি স্বাধীন প্যানেলের প্রতিবেদনের বিরুদ্ধে আইনি লড়াই করবেন। ওই প্রতিবেদনে প্রাথমিকভাবে তার অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছিল।

রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসি মঙ্গলবার (১২ মে) তাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডেকেছে। দলটির এক মুখপাত্র জানিয়েছেন, সেখানে কেলেঙ্কারি নিয়ে করণীয় আলোচনা হবে। রামাফোসার বিরুদ্ধে মামলাটি করেছে দুটি বিরোধী দল। একটি হলো ইকোনমিক ফ্রিডম ফাইটারস (ইএফএফ) এবং অন্যটি আফ্রিকান ট্রান্সফরমেশন মুভমেন্ট (এটিএম)। ইএফএফ প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছে। ২০১৮ সাল থেকে রামাফোসা ক্ষমতায় আছেন।

তবে অভিশংসন কমিটির পর্যবেক্ষণ নেতিবাচক হলেও রামাফোসা সম্ভবত পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটে টিকে যাবেন। কারণ, তাকে অপসারণ করতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ২০২৪ সালের নির্বাচনে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারালেও এএনসি এখনো নিম্মকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক-তৃতীয়াংশের বেশি আসন ধরে রেখেছে।

 

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers