সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

চীনা এজেন্ট হওয়ার দায় স্বীকার মার্কিন মেয়রের

নিউজজি ডেস্ক ১২ মে , ২০২৬, ১৭:০২:২৮

64
  • চীনা এজেন্ট হওয়ার দায় স্বীকার মার্কিন মেয়রের

ঢাকা: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের আর্কাদিয়া শহরের সাবেক মেয়র আইলিন ওয়াং চীনের ‘অবৈধ এজেন্ট’ হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মে) মার্কিন বিচার বিভাগের বরাত দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ওয়াং সরকারি অনুমতি ছাড়াই বেইজিংয়ের পক্ষে প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়টি স্বীকার করেছেন।

আদালতের নথি অনুযায়ী, ৫৮ বছর বয়েসি এই সাবেক মেয়র ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকারকে না জানিয়ে গোপনে চীনের স্বার্থে কাজ করেছেন। এ সময় তিনি ‘ইউএস নিউজ সেন্টার’ নামে একটি সংবাদপোর্টাল পরিচালনা করতেন। পোর্টালটি চীনা-আমেরিকানদের জন্য সংবাদ পরিবেশনের দাবি করলেও বাস্তবে সেখানে বেইজিংপন্থি প্রচারণা চালানো হতো বলে অভিযোগ রয়েছে।

মার্কিন প্রসিকিউটররা জানান, ওয়াং তার ওয়েবসাইটে চীন সরকারের কর্মকর্তাদের লেখা নিবন্ধ প্রকাশ করতেন। এমনকি জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর চলা গণহত্যার অভিযোগ অস্বীকার করে লেখা নিবন্ধও তিনি প্রচার করেছিলেন।

এই তথ্য সামনে আসার পর সোমবারই মেয়রের পদ থেকে পদত্যাগ করেন আইলিন ওয়াং। তার আইনজীবীরা জানিয়েছেন, তিনি তার ‘ব্যক্তিগত জীবনের ভুলের’ জন্য ক্ষমা চেয়েছেন। তবে তাদের দাবি, ওয়াংয়ের এই কর্মকাণ্ড ব্যক্তিগত ছিল এবং এর সঙ্গে মেয়র হিসেবে তার দাপ্তরিক কাজের কোনো সম্পর্ক নেই।

আইনি প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হলে ওয়াংয়ের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এর আগে একই ঘটনায় তার সহযোগী ইয়ানিং সানকে ২০২৫ সালের অক্টোবরে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

এ ঘটনায় মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ. আইজেনবার্গ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “জনপ্রতিনিধিদের উচিত কেবল দেশের জনগণের সেবা করা। চীনের নির্দেশে কাজ করা কোনো ব্যক্তি জনসেবার মতো বিশ্বস্ত পদে আসীন থাকা খুবই বিপজ্জনক, বিশেষ করে যখন সেই সম্পর্ক গোপন রাখা হয়।”

ওয়াংয়ের এই দোষ স্বীকারের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে এক গুরুত্বপূর্ণ সম্মেলনে বসতে যাচ্ছেন। বুধবারের এই বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল-ইরান যুদ্ধ, বিশ্ব বাণিজ্য ও তাইওয়ান সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনার কথা রয়েছে।

নিউজজি/এস আর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers