সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

ইরানে হামলার জন্য ইসরায়েলের দ্বিতীয় গোপন ঘাঁটি ইরাকে

নিউজজি ডেস্ক ১৮ মে , ২০২৬, ১৩:০১:৩২

65
  • সংগৃহীত

ঢাকা: ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে দুটি গোপন ঘাঁটি পরিচালনা করেছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। খবর আল-জাজিরার।

সোমবার (১৮ মে) প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আল-নুখাইব শহরের কাছাকাছি অবস্থিত একটি ঘাঁটির অস্তিত্ব গোপন রাখতে ইসরায়েলি বাহিনী একজন ইরাকি মেষপালক এবং একজন সেনা সদস্যকে হত্যা করেছে বলেও অভিযোগ রয়েছে।

নিহত ওই ইরাকি মেষপালকের নাম আওয়াদ আল-শামারি (২৯) বলে শনাক্ত করেছে সংবাদমাধ্যমটি।

আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, এই সামরিক ঘাঁটিটি ইরান ও মার্কিন-ইসরায়েলের মধ্যকার বর্তমান যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই সেখানে ছিল।  গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে চলা ১২ দিনের যুদ্ধের সময় এটি সক্রিয়ভাবে ব্যবহৃত হয়েছিল। ইসরায়েল এই ঘাঁটিটিকে তাদের বিমান বাহিনীর ‘আকাশপথের সহায়তা, জ্বালানি রিফুয়েলিং ও জরুরি চিকিৎসাসেবা প্রদানের’ কাজে ব্যবহার করত।

নিউ ইয়র্ক টাইমস আরো জানায় যে, যুক্তরাষ্ট্র এই ইসরায়েলি ঘাঁটির ব্যাপারে জানত। যার অর্থ দাঁড়ায়, ওয়াশিংটন সম্ভবত ‘ইরাকের মাটিতে যে শত্রুবাহিনী অবস্থান করছে- এই সত্যটি ইরাকের কাছ থেকে গোপন রেখেছিল’।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, এই ঘাঁটিটি এর আগে গণমাধ্যমে আসা অন্য একটি ইসরায়েলি ঘাঁটি থেকে সম্পূর্ণ আলাদা। কিছুদিন আগে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরান বিরোধী সামরিক অভিযান শুরু করার ঠিক আগে ইরাকে একটি গোপন ঘাঁটিটি তৈরি করেছিল ইসরায়েল। এই ঘাঁটিটি ইসরায়েলের বিশেষ বাহিনীর বাসস্থান ও বিমান বাহিনীর লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হতো।

আল-জাজিরা বলছে, নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের বিষয়ে ইরাকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে এর আগে গত রবিবার ইরাকের সশস্ত্র বাহিনীর কমান্ডারের মুখপাত্র সাবাহ আল-নুমান একটি বিবৃতি দেন। সেখানে তিনি দৃঢ়তার সঙ্গে জানান, ইরাক তার সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর এবং অন্য কোনো দেশের ওপর হামলা চালানোর জন্য নিজের ভূখণ্ডকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেবে না।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers