সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

চীনে ৫.২ মাত্রার ভূমিকম্প, ১৩ ভবন ধস

নিউজজি ডেস্ক ১৮ মে , ২০২৬, ১৩:০৬:১২

74
  • সংগৃহীত

ঢাকা: দক্ষিণ চীনের গুয়াংশি অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে এবং এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (১৮ মে) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৭ মে) রাত ১২টা ২১ মিনিটে লিউঝৌ শহরে এই ভূকম্পন অনুভূত হয়।

ঘটনার পর থেকে আজ সকাল পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ছাড়া ভূমিকম্পের তীব্রতায় ওই অঞ্চলের অন্তত ১৩টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

এদিকে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনায় যে দুজন মারা গেছেন তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। নিহতদের মধ্যে স্বামীর বয়স ৬৩ বছর এবং স্ত্রীর বয়স ৫৩ বছর। নিখোঁজ থাকা অন্য ওই নাগরিককে খুঁজে বের করতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। যেকোনো ধরণের বড় ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে এলাকা থেকে ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

সিসিটিভির প্রচারিত ভিডিও চিত্রে দেখা গেছে, ভূমিকম্প শুরু হতে বহুতল ভবনগুলো থেকে আতঙ্কিত মানুষজন তাড়াহুড়ো করে রাস্তায় নেমে আসছেন। এছাড়া ভেঙে পড়া বাড়িঘরের পাশে ধ্বংসস্তূপের বিশাল স্তূপ জমে থাকতে দেখা গেছে।

ভিডিওতে আরও দেখা যায়, মাথায় হেলমেট পরা জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা ভারী মাটি সরানোর যন্ত্র (আর্থমুভার) দিয়ে দুর্ঘটনাকবলিত এলাকার ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালাচ্ছেন এবং তাদের সঙ্গে থাকা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোও শনাক্তকরণের চেষ্টা করছে।

ভৌগোলিক কারণে চীনে প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। গত বছরের জানুয়ারি মাসে দেশটির প্রত্যন্ত তিব্বত অঞ্চলে একটি অত্যন্ত ভয়াবহ ও বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই সময় অন্তত ১২৬ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং হাজার হাজার ঘরবাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। লিউঝৌ শহরের এই সাম্প্রতিক ভূমিকম্পের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত সতর্কাবস্থা জারি রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers