মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

বিদেশ

‘আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের জামাতিদের অস্বস্তি বেড়েছে’

নিউজজি ডেস্ক ১৯ মে , ২০২৬, ১২:১৯:২৯

152
  • সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তার ক্ষমতায় আসার পর ভারতের রাজনৈতিক দলগুলোর তুলনায় বাংলাদেশের জামায়াতপন্থিদের মধ্যেই বেশি অস্বস্তি দেখা দিয়েছে। সোমবার (১৮ মে) কলকাতার ভবানীপুরে আয়োজিত এক ধন্যবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

শুভেন্দু বলেন, কংগ্রেস, তৃণমূল ও সিপিআইএমের প্রতিক্রিয়ার চেয়েও বেশি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বাংলাদেশের জামায়াত-সমর্থকদের কাছ থেকে। তিনি আরও বলেন, তিনি ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মানুষ নন এবং কোনো চাপের কাছে মাথা নত করবেন না।

অনুষ্ঠানে সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধের বিষয়েও কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভোটার তালিকা যাচাই কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সবার আগে দেশ। দেশকে সুরক্ষিত রাখার কাজ বিজেপি সরকার করবে।

রোববার কলকাতার পার্ক সার্কাস এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাও তুলে আনেন মুখ্যমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের ওপর হামলা বা ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিপূরণও আদায় করা হবে।

এদিকে সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ধর্মীয় ভিত্তিতে দেওয়া বিভিন্ন ভাতা বন্ধের ঘোষণা দেয় পশ্চিমবঙ্গ সরকার। এর আওতায় ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিত ভাতা বাতিল করা হয়েছে বলে জানান শুভেন্দু।

তার দাবি, এই অর্থ এখন “বিবেকানন্দ মেরিট স্কলারশিপ” প্রকল্পে ব্যয় করা হবে, যাতে সব ধর্মের শিক্ষার্থীরা সমানভাবে উপকৃত হতে পারে। তিনি বলেন, বাংলায় তোষণের রাজনীতি চলবে না।

সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রামে জয় পাওয়া শুভেন্দু অধিকারী ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতাকে হারানোর প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন।

তিনি দাবি করেন, মিত্র ইনস্টিটিউশনের চারটি বুথেই বিজেপি এগিয়ে ছিল। শুভেন্দুর ভাষায়, যে নিজের বুথেই জিততে পারেন না, তাকে বাংলার মানুষ দরজা দেখিয়ে দিয়েছে। টাটা, বাই বাই, খতম।

অনুষ্ঠানে অভিষেক ব্যানার্জিসহ কয়েকজন তৃণমূল নেতার সম্পত্তির তদন্তেরও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্নীতি ও লুটপাট হয়েছে এবং ভবিষ্যতে এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শুভেন্দু বলেন, দুর্নীতিবাজদের আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হবে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers