সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

ডোনাল্ড লু'র চাপে সরানো হয়েছিল ইমরান খানকে

নিউজজি ডেস্ক ১৯ মে , ২০২৬, ১৮:৪২:৫৬

92
  • ডোনাল্ড লু'র চাপে সরানো হয়েছিল ইমরান খানকে

ঢাকা: জল্পনা ছিল, ছিল নানা আলোচনা। অবশেষে সেই বহুল আলোচিত ঘটনাকে ঘিরে নতুন তথ্য সামনে আনলো মার্কিন অনুসন্ধানী সাংবাদিকদের প্রতিষ্ঠান ড্রপসাইট। ওয়াশিংটন ডিসিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো প্রকাশ করেছে একটি সম্পূর্ণ গোপন কূটনৈতিক বার্তা। যেখানে বিস্তারিতভাবে উঠে এসেছে কীভাবে তৎকালীন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চাপের মুখে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল।

২০২২ সালে পাকিস্তানের সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে অপসারণ করা হয়। প্রায় চার বছর পর যুক্তরাষ্ট্রভিত্তিক তদন্ত সংস্থা ড্রপ সাইট প্রকাশ করেছে সেই সময়কার একটি গোপন কূটনৈতিক তারবার্তা। নিজেদের এক্স হ্যান্ডেলে প্রতিষ্ঠানটি বার্তাটির কপিও প্রকাশ করেছে।

প্রকাশিত নথিতে দেখা যায়, ২০২২ সালের ৭ মার্চের একটি ‘গোপনীয়’পাকিস্তানি কূটনৈতিক টেলিগ্রামে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদ খান এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র মধ্যকার এক মধ্যাহ্নভোজ বৈঠকের বিবরণ তুলে ধরা হয়েছে।

বার্তা অনুযায়ী, ডোনাল্ড লু রাষ্ট্রদূতকে বলেন, অনাস্থা ভোটের মাধ্যমে যদি ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়, তবে তার সরকারের প্রতি ওয়াশিংটনের অসন্তোষ এক পাশে সরিয়ে রাখা যেতে পারে। নথিতে লুর উদ্ধৃতি দিয়ে বলা হয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট সফল হলে ওয়াশিংটনে সবকিছু ক্ষমা করে দেয়া হবে, কারণ রাশিয়া সফরটিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে। তিনি আরও বলেন, অন্যথায়, সামনে এগোনো কঠিন হবে।

রাষ্ট্রদূত আসাদ মজিদ খান তার মূল্যায়নে উল্লেখ করেন, ডোনাল্ড লু ‘হোয়াইট হাউসের সুস্পষ্ট অনুমোদন ছাড়া এমন কঠোর অবস্থান নিতে পারতেন না’এবং তিনি ‘পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে অসময়ে মন্তব্য করেছেন।’

‘গোপনীয়, প্রচার নিষেধ’ হিসেবে চিহ্নিত ওই বার্তাটি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সচিব, পররাষ্ট্র সচিব, সেনাপ্রধান, আইএসআই মহাপরিচালক এবং সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছিল।

বৈঠকের ছয় সপ্তাহ পর, ২০২২ সালের ৯ এপ্রিল অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। এরপর থেকে তিনি একাধিক মামলায় জড়িয়ে পড়েন। ২০২৩ সাল থেকে কারাবন্দি থাকা খানকে গত বছর থেকে নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে জানা যায়।

নিউজজি/এস আর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers