বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

বিদেশ

ভারতীয় বিমানবাহিনীতে নতুন রাফাল কেনার পরিকল্পনা

নিউজজি ডেস্ক ৩ জুন , ২০২৬, ১১:০৬:৪৩

58
  • সংগৃহীত

ঢাকা: ভারতীয় বিমানবাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী করতে ফ্রান্স থেকে অতিরিক্ত ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ভারত। এ বিষয়ে ইতোমধ্যে ফ্রান্সের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এমন সময় ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং চার দিনের সফরে ফ্রান্সে অবস্থান করছেন। চুক্তিটি বাস্তবায়িত হলে ভারতের রাফাল যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে ১৭৬টিতে পৌঁছাবে, যা আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের সক্ষমতা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত প্রস্তাব পাঠানোর পর এখন ফ্রান্স মূল্য নির্ধারণ, উৎপাদন সক্ষমতা এবং লজিস্টিক সহায়তা বিষয়ে বিস্তারিত তথ্য সরবরাহ করবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ফ্রান্সের জবাব পাওয়ার আশা করা হচ্ছে।

এরপর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, সবকিছু ঠিক থাকলে আগামী এক বছরের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে। খবর এনডিটিভি।

এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংয়ের ফ্রান্স সফরকে শুধু আনুষ্ঠানিক সফর হিসেবে দেখা হচ্ছে না। সফরের সময় তিনি ফ্রান্সের প্রধান প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এর মধ্যে রাফাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন এবং মিটিওর ও স্ক্যাল্পের মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমবিডিএ-ও রয়েছে।

ধারণা করা হচ্ছে, আলোচনার বিষয় শুধু যুদ্ধবিমান কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভারতে উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা এবং ভারতীয় অস্ত্র ব্যবস্থার সংযোজন নিয়েও আলোচনা হতে পারে। সূত্রগুলোর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চলতি জুনের মাঝামাঝি সময়ে ফ্রান্স সফর করতে পারেন। সফরটি হলে রাফাল চুক্তি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে।

চুক্তিটি সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে এগিয়ে নেয়া হচ্ছে। ফলে দুই দেশের শীর্ষ নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কেন নতুন যুদ্ধবিমান প্রয়োজন ভারতের

ভারতীয় বিমানবাহিনীর অনুমোদিত স্কোয়াড্রনের সংখ্যা ৪২। কিন্তু বর্তমানে তাদের হাতে রয়েছে মাত্র ২৯টি স্কোয়াড্রন। মিগ-২১-এর মতো পুরোনো যুদ্ধবিমান অবসরে যাওয়ায় এই ঘাটতি আরও বেড়েছে। এ কারণেই ১১৪টি নতুন বহুমুখী যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করছে দিল্লি।

এই প্রতিযোগিতায় রাফালকে সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে ৩৬টি রাফাল রয়েছে। প্রস্তাবিত চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, যুদ্ধবিমানগুলোর বড় একটি অংশ ভারতে তৈরি হতে পারে।

সূত্রের তথ্য অনুযায়ী, ১১৪টি বিমানের মধ্যে ৯৪টি ভারতে উৎপাদন করা হতে পারে। বাকি বিমানগুলো সরাসরি ফ্রান্স থেকে সরবরাহ করা হবে। এ জন্য দাসো অ্যাভিয়েশন কোনও ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করতে পারে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রকল্পে প্রায় ৫০ শতাংশ স্থানীয় উপাদান ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করেছে। অর্থাৎ, বিমানগুলোতে বিভিন্ন ভারতীয় প্রযুক্তি ও অস্ত্র সংযোজন করা হতে পারে। এটিকে ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অবশ্য রাফাল নিয়ে ভারত ও ফ্রান্সের সহযোগিতা নতুন নয়। ২০১৬ সালে দুই দেশ ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল। সেসব বিমানের সবগুলোই ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।

বর্তমানে সেগুলো আম্বালা ও হাসিমারা বিমানঘাঁটিতে মোতায়েন রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, বিদ্যমান অবকাঠামো এবং প্রশিক্ষিত পাইলট থাকায় নতুন রাফাল অন্তর্ভুক্ত করা সহজ হবে।

বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর কাছে ৩৬টি রাফাল রয়েছে। এ ছাড়া নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-এম কেনার চুক্তিও ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে। নতুন ১১৪টি রাফাল কেনার পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতের মোট রাফাল যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াবে ১৭৬টি।

এতে ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি চীন ও পাকিস্তান সীমান্তে বিমানবাহিনীর সক্ষমতাও আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers