মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

বিদেশ

ভারতে চার লাখ কোটি টাকা বিনিয়োগ করবেন বাংলাদেশি

নিউজজি ডেস্ক ৭ জুন , ২০২৬, ১২:২৭:৫৩

117
  • সংগৃহীত

ঢাকা: বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি রবিন খুদা ভারতের ডাটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছেন। এ উদ্যোগের অংশ হিসেবে গত শুক্রবার (৫ জুন) তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিষ্ঠিত কোম্পানি এয়ারট্রাঙ্কের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এই বিপুল অর্থ ভারতের বিভিন্ন স্থানে বিনিয়োগ করা হবে।

ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা শের-ই-বাংলা নগর সরকারি বয়েজ স্কুলে পড়াশোনা করেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যান এবং অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা করেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত, যার সম্পদের পরিমাণ দুই বিলিয়ন ডলারের বেশি বলে ফোর্বস জানিয়েছে।

ভারতে এই বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে তিনি মূলত দেশটিতে এআই ও ক্লাউড কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্য নিয়েছেন।

মোদির সঙ্গে সাক্ষাতের পর এয়ারট্রাঙ্ক জানায়, তারা ভারতজুড়ে পাঁচ গিগাওয়াট ক্ষমতার ডাটা সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েছে।

এয়ারট্রাঙ্কের বিনিয়োগ নিয়ে মোদি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “এ ধরনের বিনিয়োগের ফলে বৈশ্বিক ক্লাউড কম্পিউটিং ও এআই প্রযুক্তির কেন্দ্র হিসেবে ভারতের অবস্থান আরও মজবুত হবে। পাশাপাশি এটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, দেশীয় সাপ্লাই চেইনকে চাঙ্গা করবে এবং উদ্ভাবন-ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।”

৩০ বিলিয়ন ডলারের সবচেয়ে বড় বিনিয়োগটি করা হবে মহারাষ্ট্রে। সেখানকার মুখ্যমন্ত্রী দেভেন্দ্র ফাদনাভিস জানান, এয়ারট্রাঙ্ক মহারাষ্ট্রে ৩ গিগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করবে। এর অংশ হিসেবে মুম্বাইয়ের রায়গঞ্জে একটি জমি কেনার চুক্তিও করেছে এয়ারট্রাঙ্ক।

ফোর্বস এশিয়াকে এই বিনিয়োগের ব্যাপারে রবিন খুদা বলেছেন, “ভারত বিশ্বের এমন হাতেগোনা কয়েকটি বাজারের একটি, যেখানে আমাদের বড় বড় পরিকল্পনা ও লক্ষ্যমাত্রার সাথে তাল মিলিয়ে চলার মতো বিপুল ভবিষ্যৎ চাহিদার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, “সব বাজারেরই আলাদা শক্তি থাকে, কিন্তু ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গ্রাফটা একেবারেই ভিন্ন। দেশটির জনসংখ্যা, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের হার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তাদের যে উচ্চাকাঙ্ক্ষা—এরকম দুর্দান্ত কম্বিনেশন বিশ্বের অন্য কোথাও তৈরি করা বেশ কঠিন।”

২০১৫ সালে এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন বাংলাদেশে জন্ম নেওয়া রবিন খুদা। তার কোম্পানি ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে তাদের পরিধি বিস্তৃত করেছে। সূত্র: ফোর্বস।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers