মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

বিদেশ

মদ বিক্রির টাকা থেকে পার্টি ফান্ড বন্ধ করলেন বিজয়

নিউজজি ডেস্ক ৭ জুন , ২০২৬, ১৩:২৩:৫১

105
  • সংগৃহীত

ঢাকা: দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক)-এর অনিয়ম, অস্বচ্ছ অর্থ লেনদেন এবং কথিত পার্টি ফান্ড সংগ্রহের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। তিনি নির্দেশ দিয়েছেন, মদ বিক্রি থেকে অর্জিত সব অর্থ সরাসরি রাজ্য কোষাগারে জমা হতে হবে।

সরকারি উচ্চপদস্থ সূত্রের বরাতে জানা গেছে, টাসম্যাকের কার্যক্রমে অনানুষ্ঠানিক পার্টি ফান্ড সংগ্রহের মাধ্যমে প্রতি মাসে প্রায় ১০২ কোটি রুপি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। পাশাপাশি সরকারি হিসাবে বলা হয়েছে, গত পাঁচ বছরে রাজ্যের কোষাগার থেকে প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি অনিয়মের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় ডিএমকের বিরুদ্ধে টাসম্যাক ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

মুখ্যমন্ত্রী বিজয় টাসম্যাকের পাইকারি ও খুচরা নেটওয়ার্ক জুড়ে চলা দীর্ঘদিনের এই অনানুষ্ঠানিক নগদ আদায় ব্যবস্থা অবিলম্বে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এই বড় ধরনের সংস্কার কার্যক্রম তদারকি করছেন নিষেধাজ্ঞা ও আবগারি মন্ত্রী কে ভিগনেশ। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী ভিগনেশ বলেন, মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে, দুর্নীতি বা মানুষের কষ্টের টাকা দিয়ে তার সরকারের রাজস্বের প্রয়োজন নেই। তার নির্দেশনা ছিল অবিলম্বে সব ধরনের অর্থ পাচার বন্ধ করুন এবং জনগণের টাকা কোষাগারে ফিরিয়ে আনুন।

সূত্র জানায়, টাসম্যাকের বিরুদ্ধে এই অভিযান কেবল শুরু। নতুন সরকার অন্যান্য বিভাগেও রাজস্ব নজরদারি বাড়াবে, যার মধ্যে খনি বিভাগ পরবর্তী তালিকায় রয়েছে।

টাসম্যাকের এই সংস্কার তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) সরকারের মাদকবিরোধী প্রচারণার একটি অংশ। দায়িত্ব নেওয়ার পর বিজয়ের প্রথম সিদ্ধান্তগুলোর একটি ছিল রাজ্যের ৭১৭টি টাসম্যাক খুচরা মদের দোকান বন্ধ করা। এর ফলে বার্ষিক প্রায় ৮,০০০ কোটি রুপি রাজস্ব কমবে। সূত্র: এনডিটিভি।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers