বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

বিদেশ

‘ইরানের সাথে যে চুক্তি করব, নেতানিয়াহুকে সেটাই মানতে হবে’

নিউজজি ডেস্ক ৮ জুন , ২০২৬, ১৩:৪১:১৯

63
  • সংগৃহীত

ঢাকা: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তিই করুক না কেন, তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার হাতেই রয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, “তার (নেতানিয়াহু) সামনে আর কোনো বিকল্প থাকবে না। সব সিদ্ধান্ত আমি নিই। তিনি সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে নেই।”

তিনি আরও দাবি করেন, ইরান–ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রই মূল সিদ্ধান্ত গ্রহণকারী শক্তি হিসেবে কাজ করছে।

এর আগে গত এপ্রিলের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। লেবাননে ইসরায়েলের হামলার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার পরিপ্রেক্ষিতেই নতুন করে এ মন্তব্য করেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান নতুন করে হামলা চালালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সঙ্গে চলমান আলোচনায় কোনও প্রভাব পড়বে না। তার ভাষায়, ‘দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে এটি (ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলা) এমন আক্রমণ ছিল না যা খুব বড় কোনো ধাক্কা দিয়েছে। আপনি কীভাবে দেখছেন তার ওপর ভিত্তি করে বলা যায়, এটি এমন একটি বিষয় যা ৩ হাজার বছর বা ৪৭ বছর ধরে চলে আসছে।’

মার্কিন সংবাদমাধ্যমে ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানয়াহুর মতানৈক্যের বিষয়টি ফলাও করে প্রচার হচ্ছে। এমনকি গত সপ্তাহে দুই নেতার মধ্যে উত্তপ্ত ফোনালাপের ঘটনাও ঘটেছে। ফোনালাপের একপর্যায়ে নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ভর্ৎসনা করেন ট্রাম্প।

কারণ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল, ইরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরানের সব মিত্রদের ওপরও হামলা বন্ধ করতে হবে। কিন্তু সে শর্ত লঙ্ঘন করে লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে। এতে করে যুদ্ধবিরতি যেমন ভঙ্গুর হয়, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনাও ক্ষতিগ্রস্ত হয়।

ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আগ্রহী হলেও নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। আর এই ইস্যুতেই দীর্ঘদিনের দুই মিত্রের মধ্যে টানাপোড়েন এখন প্রায় প্রকাশ্য। সবশেষ ইরানের হামলা পর নেতানিয়াহুকে ট্রাম্প বলেছিলেন, তিনি যেন পাল্টা হামলা না চালান।

তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে ঠিকই ইরানের বেশ কয়েকটি শহরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল।

ট্রাম্প তবু চুক্তির ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘আমার মনে হয় চুক্তির বিষয়ে অগ্রগতি হচ্ছে। দেখা যাক কী হয়। চুক্তিটি তার নিজস্ব গুণাগুণের ভিত্তিতে হতেও পারে, আবার নাও হতে পারে। তবে এই ঘটনার কোনো প্রভাব এর ওপর পড়বে না।’

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers