শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

বিদেশ

ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

নিউজজি ডেস্ক ১৭ জুন , ২০২৬, ১৪:২৬:৩১

76
  • সংগৃহীত

ঢাকা: ইরান-যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা চুক্তির খসড়া দেখার জন্য ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র সেই অনুরোধ গ্রহণ করেনি। ফলে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষর হতে যাওয়া চুক্তির বিস্তারিত শর্তাবলি সম্পর্কে এখনও অন্ধকারে রয়েছে তেল আবিব।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া সমঝোতা স্মারকের খসড়া পর্যালোচনার সুযোগ চেয়ে ইসরায়েল আবেদন করলেও তা নাকচ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, স্মারকটির বিষয়বস্তু জানার আগ্রহ প্রকাশ করলেও ওয়াশিংটন ইসরায়েলি কর্মকর্তাদের সেই সুযোগ দেয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনও ইসরায়েলের কাছে পৌঁছেনি। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই সমঝোতা আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র। নাম প্রকাশ না করার শর্তে তিনি আনাদোলুকে জানান, তেল আবিব যুক্তরাষ্ট্রের আলোচকদের কাছে এ ধরনের কোনো অনুরোধই জানায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা চ্যানেল ১২-এর প্রতিবেদনকে ‘ভুল’ বলে উল্লেখ করেছেন। তার দাবি, পুরো আলোচনা প্রক্রিয়াজুড়ে ইসরায়েলসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখেছে ওয়াশিংটন।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা স্মারকের প্রতিটি শব্দ নিজে পর্যালোচনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নথিটির বিষয়বস্তু কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান—কোনো পক্ষই সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেনি। তবে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এতে ১৪টি ধারা রয়েছে।

প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের দাবি অনুযায়ী, এসব ধারার মধ্যে রয়েছে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার, ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করা এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান পুনর্গঠনের একটি পরিকল্পনা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি সই হবে এবং এরপর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। তবে সমঝোতা স্মারকের বিস্তারিত শর্তাবলি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: আনাদোলু এজেন্সি।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers