বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

বিদেশ

একদিনে ফরাসি উপকূল থেকে রেকর্ড ৭১০ অভিবাসীর চ্যানেল পাড়ি

নিউজজি ডেস্ক ১৭ জুন , ২০২৬, ১৮:০৭:০৫

73
  • একদিনে ফরাসি উপকূল থেকে রেকর্ড ৭১০ অভিবাসীর চ্যানেল পাড়ি

ঢাকা: যুক্তরাজ্যে পৌঁছাতে সোমবার উত্তর ফ্রান্সের বিভিন্ন উপকূল থেকে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন ৭১০ জন অভিবাসী৷ ২০২৬ সালের শুরু থেকে একদিনে এত বেশি সংখ্যক অভিবাসীর আগমন এই প্রথম৷ ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য থেকে এ খবর জানা গেছে৷

পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটিশ উপকূলে কোনো অভিবাসীর আগমন নিবন্ধিত হয়নি৷ ১৩ দিনের বিরতির পর সোমবার নতুন করে অভিবাসীদের একটি বড় দল যুক্তরাজ্যে পৌঁছায়৷

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৮৫২ জন অভিবাসী অনিয়মিতভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডের উপকূলে পৌঁছেছেন৷ তবে এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কম৷

২০২৫ সালে ছোট নৌকায় করে মোট ৪১ হাজার ৪৭২ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছিলেন৷ ২০১৮ সালের পর থেকে চ্যানেল পাড়ি দিয়ে আগত অভিবাসীদের হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক সংখ্যা৷ ২০১৮ সালের পর থেকেই এ ধরনের যাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে শুরু করে৷

২০২৪ সালের জুলাই মাসে ক্ষমতায় আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশের সীমান্তের ওপর ‘‘পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার” অঙ্গীকার করেছিলেন৷

তবে বর্তমানে তিনি অভিবাসনবিরোধী দল কট্টর ডান দল রিফর্ম ইউকের চাপের মুখে রয়েছেন৷ দলটির নেতা নাইজেল ফারাজ বিভিন্ন জনমত জরিপে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন৷ একই সঙ্গে স্টারমার নিজ দলের ভেতরেও সমালোচনার মুখে পড়েছেন এবং ডাউনিং স্ট্রিটে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷

চ্যানেল পাড়ি রোধে গত এপ্রিল মাসে লন্ডন ও প্যারিস একটি নতুন তিন বছরের চুক্তি সই করেছে৷ চুক্তির আওতায় যুক্তরাজ্যের আর্থিক অবদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে৷

নতুন চুক্তি অনুযায়ী, ফ্রান্সকে যুক্তরাজ্য মোট ৭৬৬ মিলিয়ন ইউরো সহায়তা দেবে৷ আগের ২০২৩-২০২৬ মেয়াদের চুক্তিতে এই পরিমাণ ছিল ৫৪০ মিলিয়ন ইউরো৷

এছাড়া প্রথমবারের মতো ১৮৬ মিলিয়ন ইউরো নমনীয় তহবিল হিসেবে রাখা হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ সমন্বয় করা যায় এবং চ্যানেল পাড়ি ঠেকাতে আরও কার্যকর ব্যবস্থা নেয়া সম্ভব হয়৷ - ইনফোমাইগ্রেন্টস।

নিউজজি/এসডি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers