বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

যুক্তরাষ্ট্রের ৩১ অঙ্গরাজ্যে ছড়াল ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবী

নিউজজি ডেস্ক ১১ জুলাই , ২০২৬, ১৩:১১:৪৩

53
  • সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে পরজীবীজনিত সংক্রমণ সাইক্লোস্পোরিয়াসিস। ইতোমধ্যে দেশটির ৩১টি অঙ্গরাজ্যে হাজার হাজার মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে মিশিগান অঙ্গরাজ্যে, যেখানে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এক হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া নিউইয়র্ক, ইলিনয় ও ওহাইওতেও অনেক রোগী পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এই সংক্রমণে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সাইক্লোস্পোরিয়াসিস হলো একটি অন্ত্রের রোগ, যা খালি চোখে দেখা যায় না এমন একটি ক্ষুদ্র পরজীবীর কারণে হয়। এই রোগের প্রধান লক্ষণ হলো ঘন ঘন পাতলা পায়খানা হওয়া। পরজীবী শরীরে ঢোকার পর সাধারণত অসুস্থ হতে প্রায় এক সপ্তাহ সময় লাগে। চিকিৎসা না করালে এই অসুস্থতা কয়েক দিন থেকে এক মাসেরও বেশি সময় স্থায়ী হতে পারে এবং রোগটি ভালো হয়ে যাওয়ার পর আবারও ফিরে আসতে পারে। খবর বিবিসি।

এই রোগটি একজন মানুষের শরীর থেকে সরাসরি অন্য মানুষের শরীরে ছড়ায় না। এটি কেবল পরজীবী দ্বারা দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত কৃষিজমিতে বা সেচের পানির মাধ্যমে কাঁচা শাকসবজি ও ফলমূল এই পরজীবী দ্বারা দূষিত হয়ে থাকে। অতীতে যুক্তরাষ্ট্রে এই ধরনের সংক্রমণ প্যাকেটজাত সালাদ, ধনেপাতা, তুলসী পাতা, রাসবেরি এবং কাঁচা পেঁয়াজের মাধ্যমে ছড়িয়েছিল। তবে বর্তমান অবস্থার সুনির্দিষ্ট উৎস এখনও চিহ্নিত করা যায়নি।

সংক্রমণের ঝুঁকি কমাতে কাঁচা শাকসবজি ও ফলমূল ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভব হলে রাসবেরি এবং শাকসবজি রান্না করে খাওয়ার এবং লেটুস পাতা বা কাঁচা পেঁয়াজের বাইরের অংশ ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যে শুধু পানি দিয়ে ধুয়ে এই পরজীবী সম্পূর্ণ দূর করা কঠিন হতে পারে, তবুও রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ফলমূল ও সবজি ভালো করে ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে। কোনো ব্যক্তির তীব্র ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে বলা হয়েছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers