বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

ফ্রান্সে বিষ্ণোই গ্যাংয়ের শীর্ষ সহযোগী গ্রেপ্তাার

নিউজজি ডেস্ক ১১ জুলাই , ২০২৬, ১৫:২৯:৪৫

62
  • সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অভিযানের চাপে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। যুক্তরাষ্ট্রের পর এবার এই অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ফ্রান্স।

কানাডায় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফের সামনে গুলির ঘটনার তদন্তের সূত্র ধরে ফ্রান্সে বিষ্ণোই গ্যাংয়ের এক শীর্ষ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। একই ঘটনায় কানাডার পুলিশও আরও এক সন্দেহভাজনকে আটক করেছে।

এ ছাড়া বিষ্ণোই গ্যাংয়ের আরেক সদস্যকে ভারতে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে কানাডা কর্তৃপক্ষ। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, ফ্রান্স থেকে গ্যাং সদস্য গরিন্দর দেবকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে তাকে কানাডায় নেওয়া হবে।

মার্কিন বিচার বিভাগের অভিযোগপত্র অনুযায়ী, ৪০ বছর বয়সী গরিন্দর দেব ‘ডক্টর’, ‘রকেট’ এবং ‘রিটজ কার্লটন’ নামেও পরিচিত।

অভিযোগ রয়েছে, তিনি লরেন্স বিষ্ণোইয়ের অপরাধচক্রকে বড় অঙ্কের আর্থিক সহায়তা দিতেন। এছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বিপুল পরিমাণ কোকেন ও হেরোইন পাচারের ষড়যন্ত্র এবং সরবরাহে সহযোগিতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুনে প্রায় ৯৯ দশমিক ২ কেজি কোকেন এবং ১ কেজি হেরোইনের একটি চালান পাঠানোর চেষ্টার সঙ্গেও তার নাম জড়ায়। তবে চালানটি পথিমধ্যে মার্কিন সংস্থাগুলো জব্দ করে।

কানাডা থেকে বহিষ্কারের নির্দেশ

অন্য এক মামলায়, বিষ্ণোই গ্যাংয়ের কথিত সদস্য জশানদীপ সিংকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে কানাডার অভিবাসন ও শরণার্থী ট্রাইব্যুনাল।

কানাডার সারে শহরে কপিল শর্মার ক্যাফের বাইরে গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত অস্ত্র লুকিয়ে রাখতে সাহায্য করার অভিযোগ রয়েছে জশানদীপের বিরুদ্ধে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক ফৌজদারি মামলা দায়ের করা হয়নি।

জশানদীপ ২০২২ সালে স্টুডেন্ট ভিসায় কানাডায় যান। তিনি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে বিষ্ণোই গ্যাংয়ের আরেক সদস্য আর্শদীপ সিংকেও কানাডা থেকে বহিষ্কার করা হয়েছিল।

বিশ্বজুড়ে সমন্বিত অভিযান

যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কানাডার ধারাবাহিক এই পদক্ষেপকে বিষ্ণোই গ্যাংয়ের আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার বৃহৎ সমন্বিত অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে।

চলতি সপ্তাহের শুরুতে ভারতভিত্তিক এই আন্তর্জাতিক সংগঠিত অপরাধচক্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপজুড়ে পরিচালিত এক যৌথ অভিযানে ২৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

খুন, মাদক পাচার, চাঁদাবাজি এবং আন্তঃসীমান্ত সহিংসতার অভিযোগে অভিযুক্ত এই সিন্ডিকেটের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আঘাত হিসেবে এই অভিযানকে দেখছেন সংশ্লিষ্টরা। সূত্র: ইন্ডিয়া টুডে

 

 

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers