বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

বিদেশ

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র হিমার্স ধ্বংসের দাবি ইরানের

নিউজজি ডেস্ক ১৩ জুলাই , ২০২৬, ১১:০৬:০২

55
  • সংগৃহীত

ঢাকা: কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে থাকা একাধিক হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা (লঞ্চার) ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ দাবি দেশটির অভিজাত এই সামরিক বাহিনীর পক্ষ থেকেই জানানো হয়েছে। গতকাল রোববার (১২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর ফার্স নিউজ।

আইআরজিসির বিবৃতির উদ্ধৃতি দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, রোববার পরিচালিত একটি ‘নির্ভুল ড্রোন অভিযানে’ কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির কয়েকটি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা (লঞ্চার) ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, এসব লঞ্চার ইরানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতির অংশ হিসেবে মোতায়েন করা হচ্ছিল।

কতগুলো লাঞ্চার ধ্বংস করা হয়েছে— সে সম্পর্কে আইআরজিসির বিবৃতিতে কিছু বলা হয়নি; তবে দাবি করা হয়েছে যে রোববারের ড্রোন অপারেশনে কুয়েতের ঘাঁটির অন্তত ৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

হিমার্স বা 'হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম' হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি হালকা, ট্রাক-মাউন্টেড এবং অত্যন্ত নির্ভুল বহুমুখী (মাল্টিপল) রকেট লঞ্চার ব্যবস্থা। একটি ৫টন ট্রাকের চেসিসের উপর বসানো এই হালকা সিস্টেমটি 'শুট-অ্যান্ড-স্কুট' (গুলি করো এবং পালাও) কৌশলে পারদর্শী এবং মাত্র ৩ মিনিটে লক্ষ্যবস্তুতে আঘাত হেনে শত্রু রাডারের নজরে আসার আগেই নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম।

হিমার্স থেকে নিক্ষিপ্ত রকেট কিংবা ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইরানের এই ড্রোন হামলা নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ বেঁধে যাওয়ার প্রায় ৩ মাস পর ১৭ জুন ইসলামাবাদ শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্র ও ইরান; কিন্তু গত ৫ জুলাই আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আইআরজিসি হামলা করার পর ফের উস্কে ওঠে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, যা এখনও চলছে। সূত্র : আনাদোলু এজেন্সি।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers