বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

এআই দিয়ে অসুস্থ ও প্রতিবন্ধী কর্মী ছাঁটাই

নিউজজি ডেস্ক ১৫ জুলাই , ২০২৬, ১৩:০২:১১

61
  • সংগৃহীত

ঢাকা: ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসের বিরুদ্ধে এআই ব্যবহার করে বৈষম্যমূলকভাবে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। ২৬ জন সাবেক কর্মী অভিযোগ করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে প্রতিবন্ধী এবং চিকিৎসা, মাতৃত্বকালীন বা পারিবারিক কারণে ছুটিতে থাকা কর্মীদের লক্ষ্য করা হয়েছে।

সোমবার রাতে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে হাজারো কর্মী ছাঁটাইয়ের সময় মেটা কর্মীদের কর্মদক্ষতা, এআই টুল ব্যবহারের মাত্রাসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়। এতে অসুস্থতা, সন্তান জন্মদান কিংবা পরিবারের সদস্যের যত্নের জন্য ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে।

গত মে মাসে চাকরি হারানোর নোটিশ পাওয়া এই ২৬ জন কর্মীর ছাঁটাই প্রক্রিয়া আগামী ২২ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তারা আদালতের কাছে ছাঁটাই প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত করার অনুরোধ জানিয়েছেন, যাতে তাদের দাবিগুলো ব্যক্তিগত সালিশির (আর্বিট্রেশন) মাধ্যমে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেটা এই ছাঁটাই সম্পন্ন করতে না পারে।

তবে গত মঙ্গলবার মেটার একজন মুখপাত্র এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, 'কর্মী ব্যবস্থাপনা এবং সাংগঠনিক সিদ্ধান্তগুলো মানুষের দ্বারাই নেওয়া হয়েছিল এবং এখনও হচ্ছে, কোনো এআই দ্বারা নয়।'

যুক্তরাষ্ট্রে কোনো বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাঁটাই প্রক্রিয়ায় এআই ব্যবহারের বিরুদ্ধে এটিই প্রথম আইনি চ্যালেঞ্জ বা মামলা বলে মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মে মাসে মেটা তাদের বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করে। তখন বছরের শেষ দিকে আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথাও জানা যায়। তবে পরে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ বলেন, চলতি বছরে আর কোনো নতুন গণ-ছাঁটাইয়ের পরিকল্পনা নেই।

মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিনিয়োগ বৃদ্ধি এবং অভ্যন্তরীণ কাজের পদ্ধতিতে এআই এজেন্টদের কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে আসার যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে, এই ছাঁটাই প্রক্রিয়াটি মূলত তারই অংশ।

নাম প্রকাশ না করে মামলা করা ২৬ জন বাদী মেটার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক সিটির সম্প্রতি গৃহীত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তাদের দাবি, মেটা তাদের এআই সিস্টেমে কোনো পক্ষপাতিত্ব রয়েছে কি না তা পরীক্ষা করতে ব্যর্থ হয়েছে, যা প্রতিবন্ধী, চিকিৎসা ছুটিতে থাকা বা অন্তঃসত্ত্বা কর্মীদের বিরুদ্ধে বৈষম্য বা প্রতিশোধমূলক আচরণ নিষিদ্ধকারী ফেডারেল ও রাষ্ট্রীয় আইনের স্পষ্ট লঙ্ঘন।

মামলাকারী কর্মীরা ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ মোট ছয়টি রাজ্যের বাসিন্দা।

অভিযোগপত্রে বলা হয়েছে, ছাঁটাই তালিকায় থাকা কর্মীদের মূল্যায়ন ও র‍্যাঙ্কিং করার জন্য মেটা বেশ কয়েকটি অভ্যন্তরীণ এআই-সহায়ক সিস্টেম ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে—'মেটামেট' নামক একটি বৃহৎ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) অ্যাসিস্ট্যান্ট; কর্মীদের নিজস্ব যোগাযোগ ও নথি ট্র্যাক করার জন্য একটি স্বয়ংক্রিয় 'সেকেন্ড ব্রেইন'; এবং কি-স্ট্রোক (টাইপিং), স্ক্রিন কন্টেন্ট, ইমেইল ও ব্রাউজার হিস্ট্রি স্ক্যান করে তৈরি করা একটি বিশেষ উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি স্কোর। সূত্র: রয়টার্স

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers