বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

ভারতে কি আবারও করোনার শঙ্কা?

নিউজজি ডেস্ক ১৫ জুলাই , ২০২৬, ১৬:৪১:৪৪

54
  • সংগৃহীত

ঢাকা: অন্ধ্রপ্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর পাশাপাশি নতুন করে আটজনের কোভিড-১৯ শনাক্ত হওয়ায় রাজ্যজুড়ে সতর্কতা বাড়িয়েছে ভারতের স্বাস্থ্য বিভাগ। এ ঘটনার পর প্রতিবেশী ওড়িশাও সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে।

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কাদাপ্পা জেলায় জ্বর ও কাশির উপসর্গ নিয়ে ৫২ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪৩ বছর বয়সী একজনের মৃত্যু হয়। এর পরপরই আক্রান্ত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ ‘র‍্যাপিড রেসপন্স টিম’ মোতায়েন করা হয়েছে।

এদিকে, মুম্বাইয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানুর ছেলে জান কুমার শানুও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি গত রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতের অন্ধ্রপ্রদেশের এই পরিস্থিতির কারণে ওড়িশা সরকার সীমান্তবর্তী দক্ষিণ জেলাগুলোয় (মালকানগিরি, কোরাপুট, রায়গড়া, গজপতি, গঞ্জাম এবং নবরঙ্গপুর) লক্ষ্যভিত্তিক স্ক্রিনিংয়ের নির্দেশ দিয়েছে। ওড়িশায় এখন পর্যন্ত কোনো পজিটিভ কেস পাওয়া না গেলেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে।

ভারতের হায়দরাবাদের যশোদা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান ড. দিলীপ গুড়ে বলেন, ‘কাদাপ্পা এলাকায় যে দুইজনের মৃত্যু হয়েছে, তারা দুজনেই ডায়াবেটিস, লিভার বা কিডনিজনিত জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। সাধারণ ফ্লু ভাইরাসের কারণেও এই ধরনের রোগীদের আইসিইউ বা ভেন্টিলেটর সাপোর্টের প্রয়োজন হতে পারে। তাই এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ ভারতীয় নাগরিকের শরীরে পূর্ববর্তী সংক্রমণ এবং ব্যাপক টিকাদানের ফলে শক্তিশালী ‘হাইব্রিড ইমিউনিটি’ বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। ফলে দেশজুড়ে বড় ধরনের মহামারি ছড়িয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত কম।

আস্টার হোয়াইটফিল্ড হাসপাতালের পালমোনোলজি বিভাগের প্রধান ড. শিবরাজ এ এল বলেন, ‘কোভিড এখন এন্ডেমিক (স্থানীয় রোগ) পর্যায়ে চলে গেছে। ফলে মাঝে মধ্যে ছোটখাটো প্রাদুর্ভাব দেখা দিতে পারে। আমাদের কাছে নজরদারি ও জিনোমিক পরীক্ষার মতো সব অস্ত্র প্রস্তুত রয়েছে। তাই বিধিনিষেধের ভয় না পেয়ে আমাদের কেবল সতর্ক থাকতে হবে।’  সূত্র: এনডিটিভি

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers