বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

নিউজজি ডেস্ক ১৮ জুলাই , ২০২৬, ১৪:১৯:০৯

51
  • সংগৃহীত

ঢাকা: নির্বাচন নিরাপত্তা নিয়ে দেওয়া ভাষণ সম্প্রচার না করায় যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় টেলিভিশন নেটওয়ার্কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি, এনবিসি ও সিএনএনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও ষড়যন্ত্রের অভিযোগ এনে তাদের সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনের চার মাস আগে দেওয়া ওই ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচনব্যবস্থার নিরাপত্তা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি দাবি করেন, এবিসি ও এনবিসি তার বক্তব্য প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে, যা তিনি ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন। এ ধরনের কর্মকাণ্ডের জন্য নেটওয়ার্কগুলোর লাইসেন্স বাতিল করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। খবর রয়টার্স।

তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, দেশটির সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী কোনো টেলিভিশন নেটওয়ার্ক কী সম্প্রচার করবে, সে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তাদের রয়েছে। যদিও অতীতে জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিবেচিত মার্কিন প্রেসিডেন্টদের ভাষণ অধিকাংশ সম্প্রচারমাধ্যমই সরাসরি প্রচার করেছে।

এবিসি নিউজের এক মুখপাত্র জানান, ট্রাম্পের ভাষণটি মূল টেলিভিশন চ্যানেলে প্রচার না করে তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং রেডিও সেবায় সম্প্রচার করা হয়েছে।

একইভাবে এনবিসিও ভাষণটি তাদের মূল সম্প্রচার চ্যানেলের পরিবর্তে বিনামূল্যের স্ট্রিমিং সেবায় প্রচার করে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে সিএনএন জানিয়েছে, ভাষণ থেকে গুরুত্বপূর্ণ সংবাদ পর্যবেক্ষণের পাশাপাশি সেটি তাদের ওয়েবসাইট এবং গ্রাহকভিত্তিক স্ট্রিমিং সেবায় সরাসরি দেখানো হয়েছে। সাধারণত এসব স্ট্রিমিং প্ল্যাটফর্মের দর্শকসংখ্যা সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের তুলনায় কম।

ভাষণে ট্রাম্প দাবি করেন, তাঁর কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে, যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনের হস্তক্ষেপের প্রমাণ বহন করে। এর মাধ্যমে তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অভিযোগ আবারও সামনে আনেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ২০২০ সালের নির্বাচনের ফল পরিবর্তনে চীনের হস্তক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওই নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন। সূত্র: রয়টার্স

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers