বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

বিদেশ

জাতিসংঘের কাছে ইরানের হামলার ক্ষতিপূরণ চায় কাতার

নিউজজি ডেস্ক ২১ জুলাই , ২০২৬, ১৫:৩৮:৫৭

69
  • সংগৃহীত

ঢাকা: ইরানের সাম্প্রতিক হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দাবি করে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে কাতার। দেশটির দাবি, কাতারের একটি তেলবাহী জাহাজ ও ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে।

কাতার জানিয়েছে, ক্ষতিপূরণ পাওয়ার পাশাপাশি প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকারও তারা সংরক্ষণ করছে।

ইরানের হামলায় হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে কাতার। চিঠিতে কাতার দাবি করেছে যে ইরান দেশটির ওপর একাধিকবার হামলা চালিয়েছে। খবর আল জাজিরা

এই চিঠিতে গত ৭ জুলাই কাতারের তেলবাহী জাহাজ আল রেকাইয়াত-এ হামলার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ১২ জুলাই কাতারের ওপর চালানো ক্ষেপণাস্ত্র হামলার কথাও বলা হয়েছে চিঠিটিতে। যদিও ওই হামলা দেশটির সশস্ত্র বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে কাতার।

কাতারের অভিযোগ, এসব হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব লঙ্ঘন করেছে ইরান। আর তাই হামলায় হওয়া ক্ষয়ক্ষতির জন্য কাতার ক্ষতিপূরণ দাবি করছে। পাশাপাশি প্রয়োজন হলে জবাব দেয়ার অধিকারও সংরক্ষণ করবে বলে জানিয়েছে।

হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই কাতারের এ চিঠি পাঠানোর খবর সামনে এলো।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি জাহাজকে ঘিরে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। প্রায় ২৪ ঘণ্টার মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা।

সংস্থাটি জানিয়েছে, জাহাজটি হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে চলাচল করছিল। ইরানের দাবি, তেহরানের সঙ্গে সমন্বয় না করে এ রুট ব্যবহার করা মানে জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলসংক্রান্ত সমঝোতা স্মারক লঙ্ঘন করছে।

তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশ ইচ্ছাকৃতভাবে এ রুট ব্যবহারে উৎসাহ দিচ্ছে, যাতে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল হয়। ফলে গুরুত্বপূর্ণ এ নৌপথকে ঘিরে চলমান উত্তেজনা আরও বাড়ছে।

অন্যদিকে কাতারের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, লুসাইল থেকে হামাদ বন্দর এবং উম হিশ থেকে দোহা সালওয়া পর্যন্ত সাত নটিক্যাল মাইল (১৩ কিলোমিটার) জলসীমায় সব ধরনের নৌযান চলাচল আবারও শুরু হয়েছে।

সোমবার (২০ জুলাই) গভীর রাতে দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। একই সঙ্গে নৌযান চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers