বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

বিদেশ

মৌসুমি বৃষ্টিতে ভারতে বিপর্যয়, মৃত্যু শতাধিক

নিউজজি ডেস্ক ৬ আগস্ট , ২০২৬, ১৩:৪৪:০০

83
  • সংগৃহীত

ঢাকা: ভারতে চলমান মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জুলাই থেকে এ পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। সরকারি তথ্য অনুযায়ী, দুর্যোগের কারণে লাখো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। খবর দ্য ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর মৌসুমি বৃষ্টি ভারতের কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় বর্ষার ধরণ আরও অনিয়মিত, অনিশ্চিত ও প্রাণঘাতী হয়ে উঠছে।

বন্যা-ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর একটি আসাম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, সেখানে অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলায় প্রাণ হারিয়েছেন ৪৭ জন। জেলার বিস্তীর্ণ এলাকা এখনো পানিতে তলিয়ে আছে।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এই অঞ্চলে এমন ভয়াবহ ধ্বংসযজ্ঞ আগে কখনো দেখা যায়নি। অর্থনৈতিক ক্ষতি পূরণ করা সম্ভব, কিন্তু প্রিয়জন হারানোর ক্ষতি কোনোভাবেই পূরণ করা যায় না।

সংবাদ সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে দেখা গেছে, অনেক মানুষ ভেলা ও ফোলানো নৌকায় চড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।

দক্ষিণের কেরালা রাজ্যেও টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আরও সাতজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভি. ডি. সাথীসান।

বন্যা ও ভূমিধসের কারণে সেখানে ৩০০টির বেশি ত্রাণশিবির খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ অবস্থান করছেন। ভারী বৃষ্টিতে নদীর পানি উপচে পড়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরেও স্বল্প সময়ের প্রবল বর্ষণে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে।

এদিকে বজ্রপাতে মঙ্গলবার থেকে পূর্বাঞ্চলের বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই ধানক্ষেতে কাজ করা কৃষক ও গবাদিপশু চরানো মানুষ। তাদের মধ্যে চারজন শিশু রয়েছে।

ভারতে প্রতি বছর গ্রীষ্মের তীব্র খরা ও পানির সংকটের পর বর্ষাকালে বন্যা, ভূমিধস ও বজ্রপাতের মতো দুর্যোগ নিয়মিত ঘটলেও, বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্যোগের তীব্রতা বাড়ছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers