বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

পদত্যাগের ঘোষণা টাটা সানসের চেয়ারম্যান চন্দ্রশেখরনের

নিউজজি ডেস্ক ১২ আগস্ট , ২০২৬, ১৭:২৪:৫৩

77
  • সংগৃহীত

ঢাকা: ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা সানসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন আগামী বছর মেয়াদ শেষ হওয়ার পর আর দায়িত্বে থাকতে চান না বলে জানিয়েছেন। বুধবার নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, মেয়াদ শেষে পুনরায় নিয়োগের জন্য তিনি আর আগ্রহ প্রকাশ করবেন না। তাঁর এই ঘোষণায় টাটা গ্রুপের শীর্ষ নেতৃত্বে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

টাটা সানসের অধীনে রয়েছে ভারতের অন্যতম বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), টাটা মোটরসসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় কোম্পানি। টাটা মোটসের মালিকানাধীন ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভারও গ্রুপটির গুরুত্বপূর্ণ ব্যবসার অংশ।

৬৩ বছর বয়সী চন্দ্রশেখরন জানান, তাঁর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে পরিচালনা পর্ষদ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এ কারণে আগামী বছরের শুরুতে বর্তমান মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি তিনি ইতোমধ্যে টাটা সানসের বোর্ডকে জানিয়ে দিয়েছেন।

এক বিবৃতিতে চন্দ্রশেখরন বলেন, পরিচালনা পর্ষদে তাঁর পুনঃনিয়োগের বিষয়টি প্রথম আলোচনার আসার পর ছয় মাস পার হয়ে গেছে। কিন্তু এখনও সিদ্ধান্ত বা সমাধান হয়নি। এমন পরিস্থিতিতে, ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি যখন তাঁর মেয়াদ শেষ হবে, তখন আর পুনঃনিয়োগের প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

কয়েকটি কোম্পানির লোকসানসহ নানা বিষয়ে গ্রুপটির পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে মতভেদ আছে। এর জেরে চলতি বছরের ফেব্রুয়ারিতে চন্দ্রশেখরনের পুনঃনিয়োগের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, একাধিক বড় প্রকল্পের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে আছে। তাই নতুন নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি ছিল।

চন্দ্রশেখরন বলেন, টাটা সানস অত্যন্ত বৃহৎ প্রতিষ্ঠান। বর্তমানে তারা অনেকগুলো কৌশলগত প্রকল্পের কাজ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপে আছে। এ অবস্থায় বিনিয়োগকারী, অংশীদার, কর্মী এবং অংশীজনদের কাছে নেতৃত্বের স্পষ্টতা অত্যন্ত জরুরি। সূত্র: এএফপি

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers