মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

বিদেশ

ক্যানারি দ্বীপপুঞ্জে অপ্রাপ্তবয়স্ক অভিবাসী পাচারচক্র ভেঙে দিল স্পেন

নিউজজি ডেস্ক ১৩ আগস্ট , ২০২৬, ১৫:১৭:৩৮

71
  • সংগৃহীত

ঢাকা: স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের আশ্রয়কেন্দ্র থেকে অপ্রাপ্তবয়স্ক অনিয়মিত অভিবাসীদের স্পেনের মূল ভূখণ্ড ও ফ্রান্সে পাঠানোর সঙ্গে জড়িত একটি অপরাধচক্র ভেঙে দিয়েছে দেশটির পুলিশ৷ সেখানে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন শোষণের শিকার করা হতো বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ৷

মঙ্গলবার (১১ আগস্ট) স্পেনের সিভিল গার্ড জানায়, ক্যানারি দ্বীপপুঞ্জের অভ্যর্থনা ও আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা অভিভাকবিহীন তরুণী অভিবাসীদের লক্ষ্য করে কাজ করছিল চক্রটি৷ তাদের চাকরির প্রলোভন দেখিয়ে স্পেনের মূল ভূখণ্ড ও ফ্রান্সে পাঠানো হতো৷ পরে তাদের কেউ কেউ যৌন শোষণের শিকার হন৷

ইউরোপে অভিবাসন ইস্যু আবারও আলোচনার কেন্দ্রে আসার সময় এই অভিযান চালানো হলো৷ গত মাসে মরক্কো থেকে হাজার হাজার অভিবাসী বেআইনিভাবে স্প্যানিশ ভূখণ্ড সেউটায় প্রবেশ করেন৷ নজিরবিহীন ওই অভিবাসী প্রবেশের পরও সেউটায় এখনো এক হাজারের বেশি সঙ্গীবিহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী রয়েছেন৷

স্পেনের সিভিল গার্ড জানিয়েছে, গ্রান কানারিয়ায় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকা এক তরুণী ফ্রান্স থেকে স্পেনে ফিরে এসে পুলিশকে জানান, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাকে ওই চক্রে নিয়োগ করা হয়েছিল৷ এরপরই তদন্ত শুরু হয়৷

তদন্তকারীরা পরে আরও কয়েকজন তরুণীর সন্ধান পান, যারা তাদের প্রয়োজনীয় নথিপত্র না নিয়েই আশ্রয়কেন্দ্র থেকে চলে গিয়েছিলেন৷ পরে তাদের স্পেনের মূল ভূখণ্ডগামী বিভিন্ন ফ্লাইটে যাত্রার তথ্য পাওয়া যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে স্পেনের সিভিল গার্ড৷

পুলিশের ভাষ্য, চক্রটি এসব তরুণীর দুর্বল পরিস্থিতির সুযোগ নিয়েছিল৷ ‘‘তাদের স্পেন ও ফ্রান্সে স্থানান্তর করা হতো, যেখানে তাদের কেউ কেউ যৌন শোষণের শিকার হন’’৷

সিভিল গার্ড জানিয়েছে, তারা দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে৷ এছাড়া আরও চার অপ্রাপ্তবয়স্ক তরুণীকে ক্যানারি দ্বীপপুঞ্জের আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বাধা দেওয়া হয়েছে৷

গ্র‍্যান কানারিয়ায় কয়েকটি স্থানে তল্লাশি চালানোর পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে৷

এদিকে জুলাইয়ের শেষ দিকে মরক্কো থেকে প্রায় ৭২ হাজার অভিবাসী জোরপূর্বক উত্তর আফ্রিকায় অবস্থিত স্প্যানিশ ছিটমহল সেউটায় প্রবেশ করেন৷ এটি ছিল এ ধরনের নজিরবিহীন অভিবাসী প্রবেশের ঘটনা৷

স্পেন সরকারের হিসাবে, তাদের বেশিরভাগই পরে মরক্কোয় ফিরে গেছেন৷ তবে শুক্রবার পর্যন্ত সেউটায় ১ হাজার ৩৪২ জন সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী অবস্থান করছিলেন৷ তাদের অনেকেই রাস্তায় রাত কাটাচ্ছেন৷ -  ইনফোমাইগ্রেন্টস

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers