শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

নাইজেরিয়ায় হামলায় নিহত ২৫

নিউজজি ডেস্ক ১৯ আগস্ট , ২০২৬, ১৩:১৩:৫২

60
  • সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে রাতের বেলায় সংঘটিত হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা এ তথ্য নিশ্চিত করেন।

এই হামলার পর অস্থিরতাপূর্ণ অঞ্চলটিতে ফের প্রতিশোধমূলক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে ঘটনাটি প্লাটো রাজ্যে দীর্ঘদিন ধরে চলমান নিরাপত্তাহীনতার চিত্রও নতুন করে সামনে এনেছে।

এ অঞ্চলে কৃষিজীবী সম্প্রদায় ও পশুপালকদের মধ্যে জমি, পানি ও অন্যান্য সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘাতের সৃষ্টি হয়। এসব বিরোধ অনেক সময় রক্তক্ষয়ী হামলা ও পাল্টা প্রতিশোধের ঘটনায় রূপ নেয়। ফলে নিয়মিত প্রাণহানির পাশাপাশি বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ছেন।

রাজ্যের স্থানীয় কাউন্সিলর লেমুন লে’আন ইলিয়া বলেন, ঘটনাস্থলেই ২৩ জন মারা গেছেন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের প্রাণহানি ঘটেছে।

আমোস জন নামের অপর এক বাসিন্দা বলেছেন, চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তি মারা গেছেন।

এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৫ জনে দাঁড়িয়েছে। তিনি বলেন, হামলাকারীরা রামদা ও ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঘরে ঢুকে নির্বিচার হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতদের বেশরভাগই নারী ও শিশু।

প্লাটো রাজ্য পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর তারা আনুষ্ঠানিক বিবৃতি দেবেন।

এদিকে স্থানীয় মওয়াগাভুল ইয়ুথ মুভমেন্ট নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন দুস্থ ও অরক্ষিত জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগ তুলে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা পুনঃমূল্যায়নের আহ্বান জানিয়েছে।

সংগঠনটির মুখপাত্র তুবওত জোয়েল সানডে বলেন, স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের ওপর একের পর এক ধ্বংসযজ্ঞ চালানো, নিরীহ মানুষকে হত্যা, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ফসলি জমি নষ্ট করার ঘটনাগুলোকে সাধারণ আর দশটি ঘটনা হিসেবে দেখার আর সুযোগ নেই।

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত প্লাটো রাজ্যে দীর্ঘদিন ধরে জমি, গবাদি পশুর চারণভূমি ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলছে, যা প্রায়ই জাতিগত ও ধর্মীয় বিভাজনে রূপ নিয়ে মারাত্মক আকার ধারণ করে। সূত্র: রয়টার্স

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers