মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

বিদেশ

ইউক্রেন যুদ্ধে জয়ী হচ্ছে রাশিয়া: পুতিন

নিউজজি ডেস্ক ২ সেপ্টেম্বর , ২০২৬, ১২:৫৮:৪১

98
  • সংগৃহীত

ঢাকা: ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়া এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউক্রেনের নেতৃত্বকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের সঙ্গে মস্কোর আলোচনায় বসার সম্ভাবনাও নাকচ করেছেন তিনি।

মঙ্গলবার কিরগিজস্তানে একটি সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুতিন। কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে এটিই ছিল তার সবচেয়ে বিস্তারিত বক্তব্য। তিনি দাবি করেন, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং একপর্যায়ে ইউক্রেনীয় সেনাবাহিনী ভেঙে পড়বে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, শত্রুপক্ষের পতন নিয়ে তার কোনো সন্দেহ নেই। তবে ঠিক কবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, সে বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।

এদিকে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির বিষয়টিও স্বীকার করেছেন পুতিন। তার ভাষ্য, ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার জন্য নতুন ধরনের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তবে এসব হামলা সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে রাশিয়া সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে দাবি করেন তিনি।

রাশিয়াকে আবারও বড় আকারে সেনা সমাবেশের নির্দেশ দিতে হতে পারে—এমন গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন পুতিন। তিনি এই ধরনের আলোচনা ‘পুরোপুরি অর্থহীন’ বলে মন্তব্য করেন। পুতিনের দাবি, শুধু আগস্ট মাসেই রুশ সেনারা পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ২৭০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে। এ ছাড়া ইউক্রেনের বিপুলসংখ্যক সেনা রুশ বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়েছে বলেও দাবি করেন তিনি।

তবে পুতিনের এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, তার দেশের সেনারা স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্ক শহরের দিকে এগিয়ে যাচ্ছে। এই দুই শহরই দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি রাশিয়া নিচ্ছে বলেও জানিয়েছেন পুতিন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিমান সংস্থাগুলোকে সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে। জেলেনস্কির এই হুঁশিয়ারিকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ মতো বলে মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটলে মস্কো তার জবাব দেওয়ার উপায় খুঁজে নেবে।

ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে আলোচনা সম্ভব নয় বলে পুতিন মন্তব্য করলেও সংঘাতের সমাধানে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি তিনি। পুতিন বলেন, ইউক্রেন সংঘাতের সমাধানে নতুন গতি আনা গেলে মস্কো ‘সুনির্দিষ্ট’ আলোচনায় বসতে প্রস্তুত। অর্থাৎ ইউক্রেনের বর্তমান নেতৃত্বকে নিয়ে আপত্তি থাকলেও সংঘাতের সমাধানের জন্য আলোচনার একটি পথ খোলা রাখতে চাইছে রাশিয়া- পুতিনের বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

 

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers