মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

বিদেশ

সন্তানদের মার্কিন পাসপোর্ট পেতে বাবা-মাকে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ

নিউজজি ডেস্ক ২ সেপ্টেম্বর , ২০২৬, ১৫:৩৬:০৮

133
  • সংগৃহীত

ঢাকা: সন্তানের পাসপোর্টের জন্য আবেদন করার ক্ষেত্রে বাবা-মাকে নিজেদের নাগরিকত্ব কিংবা অভিবাসন-সংক্রান্ত অবস্থার প্রমাণ দিতে হতে পারে। এমন একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগের অংশ হিসেবেই এ প্রস্তাব সামনে এসেছে।

রয়টার্সের পর্যালোচনা করা একটি খসড়া নির্দেশনায় প্রস্তাবটির বিস্তারিত তুলে ধরা হয়েছে। গত ৬ আগস্ট ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ওই আদেশের মূল লক্ষ্য ছিল ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের প্রবণতা বন্ধ করা।

ট্রাম্পের প্রাথমিক নির্বাহী আদেশে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া কোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না, যদি না তার অন্তত একজন বাবা বা মা মার্কিন নাগরিক অথবা বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী) হন।

তবে পরে ৬-৩ ভোটে সুপ্রিম কোর্ট ওই আদেশকে অবৈধ ঘোষণা করে। সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতে, ট্রাম্পের আদেশটি মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর নাগরিকত্ব-সংক্রান্ত বিধানের সঙ্গে সাংঘর্ষিক।

ট্রাম্পের আদেশ বাস্তবায়ন

গত ৬ আগস্টের ট্রাম্পের নতুন আদেশটি তুলনামূলকভাবে সীমিত এবং এটি বিশেষভাবে ‘জন্ম পর্যটন’-কে লক্ষ্য করে করা হয়েছিল। নতুন নির্দেশনায় যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি সরকারের কোনো কর্মকর্তার সন্তান, নাগরিকত্ব পাওয়ার জন্য প্রতারণা বা বাণিজ্যিক লেনদেনে জড়িত কোনো বাবা-মায়ের সন্তান অথবা ‘শত্রু বিদেশি’ হিসেবে শ্রেণিবদ্ধ কোনো ব্যক্তির সন্তানকে নাগরিকত্ব না দেয়ার কথা বলা হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের খসড়া নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারী নির্বাহী আদেশ ১৪৪১৮-এর আওতাভুক্ত কি না, তা নির্ধারণের অংশ হিসেবে দপ্তর বাবা-মায়ের তথ্য এবং তাদের নাগরিকত্ব বা অভিবাসন-অবস্থার প্রমাণ চাইবে।

প্রস্তাবটি কার্যকর হলে, সন্তানদের পাসপোর্টের আবেদন জমা দেয়ার সময় সব বাবা-মা বা আইনগত অভিভাবককে নিজেদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এর মধ্যে বৈধ মার্কিন পাসপোর্ট বা জন্মসনদ থাকতে পারে। অথবা তাদের অভিবাসন-অবস্থার প্রমাণ হিসেবে আই-৯৪ ফরম কিংবা বৈধ স্থায়ী বসবাসের কার্ড দিতে হতে পারে।

পররাষ্ট্র দপ্তরের প্রস্তাব অনুযায়ী, নতুন আদেশের আওতায় সন্তান নাগরিকত্ব পাওয়ার যোগ্য কি না, তা নির্ধারণে সরকার এসব তথ্য ব্যবহার করবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সন্তানদের পাসপোর্টের আবেদন করার সময় বাবা-মায়ের শুধু সন্তানটির সঙ্গে তাদের সম্পর্কের প্রমাণ এবং ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হয়। আবেদনপত্রে তারা মার্কিন নাগরিক কি না, সে বিষয়েও একটি ঘরে টিক দিতে হয়। তবে এ ক্ষেত্রে সহায়ক কোনো নথি জমা দেয়ার বাধ্যবাধকতা নেই।

ট্রাম্পের প্রাথমিক আদেশের আওতায় যেসব শিশুকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হতে পারে, তাদের পক্ষে শ্রেণিভিত্তিক মামলা করা আইনজীবীরা দুটি ভিন্ন ফেডারেল বিচারকের কাছে তার সর্বশেষ আদেশ কার্যকর ঠেকানোর আবেদন করেছেন।

এর মধ্যে একটি মামলা রয়েছে ফেডারেল বিচারক ডেবোরাহ ডেবোরা বোর্ডম্যানের আদালতে। তাকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার মেরিল্যান্ডের গ্রিনবেল্টে শুনানির সময় বোর্ডম্যান ট্রাম্পের এই আদেশকে নজিরবিহীন বলে সংশয় প্রকাশ করেন। পাশাপাশি, মামলাটি সংশোধনের জন্য আবেদনকারীদের অনুমতি দেন, যাতে তিনি আদেশটি আটকে দেয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers